ভাইরাল ভিডিওর সূত্রে র‍্যাবের অভিযান, গ্রেপ্তার শিশু নির্যাতনের প্রধান আসামি

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী শিশু রিজিকের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি চাচী ফারজানা আক্তার লতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৭ জুলাই) রাত আটটায় র‌্যাব-১১ নরসিংদীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ নরসিংদী সিপিএসসির ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওর সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার  নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তার স্বজনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারণ হওয়া ভিডিওটিতে দেখা যায়, শিশুটির পায়ে মুচড় দিয়ে গুরুতর আঘাত করছেন চাচী ফারজানা আক্তার লতা।

এই অমানবিক ঘটনায় দেশব্যাপী তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়।। ঘটনার পর জেলা সমাজ সেবার প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন।

মামলার পর থেকেই র‌্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন সূত্র যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, মামলার প্রধান আসামি ফারজানা আক্তার (লতা) আত্মগোপনে রয়েছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারজানা আক্তার লতা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। তিনি নিজের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়েছেন বলেও জানিয়েছে র‌্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এই মামলায় এর আগে প্রধান আসামি লতার স্বামী কাউছার আহম্মেদ এবং তার বাবা আলমাছ মিয়াকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত