বিজয়নগরে মাছ ধরার নৌকায় ডাকাত দলের হামলায় জেলের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেওদুনিয়া বিলে মাছ ধরতে গিয়ে সশস্ত্র ডাকাতদলের হামলায় আলী আহম্মদ (৫৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার দেওদুনিয়া বিল থেকে আলী আহম্মদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে বিকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিহত আলী আহম্মদ বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের উত্তর রাজাপাড়া গ্রামের বাসিন্দা এবং অলফত আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে আলী আহম্মদ, তার ছেলে মো. শরীফ (২২) এবং একই এলাকার জাহাঙ্গীর (৪৫) দেওদুনিয়া বিলে নৌকায় করে মাছ ধরতে যান। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বড় নৌকায় করে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে আলী আহম্মদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার মরদেহ পানিতে ফেলে দেয়। তার ছেলে শরীফকেও কুপিয়ে আহত করে পানিতে ফেলে দেয়।

অপর জেলে জাহাঙ্গীরকে একটি নৌকার সঙ্গে বেঁধে রেখে ডাকাতরা মাছ ধরার নৌকা, জাল ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে আহত শরীফ কোনোভাবে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান।খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুপুরে আলী আহম্মদের মরদেহ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হলে বিকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়। বর্তমানে আহত শরীফ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, দেওদুনিয়া বিল থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুইজন আহত হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডাকাতচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত