‘আলহামদুলিল্লাহ ফর এভরিথিং’ স্ট্যাটাস, রাতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০১:০৮ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় 'আলহামদুলিল্লাহ ফর এভরিথিং' লিখে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার পর মাহমুদুল হাসান ওরফে ফারদিন হাসান (২৪) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে ব্যবসায়ী মাহমুদুল হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ বাজারের রহমতুল্লাহ মাস্টার বস্ত্রালয় নামক নিজ দোকানঘর থেকে মাহমুদল হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহমুদুল হাসানের বাড়ি উপজেলার মগটুলা ইউনিয়নের ছাতিয়ানতলা(বৈরাটি) গ্রামে। তিনি ওই গ্রামের হাবিবুর রহমান ওরফে হবির ছেলে। 

একইদিন অপর এক ফেসবুক স্ট্যাটাসে মাহমুদুল হাসান লিখেন- 'দুনিয়ার মানুষ সরলতার সুযোগ নিতে পারে, কিন্তু আল্লাহ কখনো সৎ মানুষকে হতাশ করেন না। তিনি দুনিয়াতেই প্রমাণ করে দেন যে উত্তম প্রতিদান কেমন হয়। আলহামদুলিল্লাহ!'

গতকাল শুক্রবার মাহমুদুল হাসান তার 'ফারদিন হাসান' নামক ফেসবুক একাউন্ট থেকে উপরের  দুটি স্ট্যাটাস দেওয়ার পর রাতে আত্মহত্যা করেন।

স্থানীয় ও পুলিশ জানা গেছে, প্রতিদিন আনুমানিক রাত ১০ টার দিকে দোকান বন্ধ বাড়ি ফিরে আসে মাহমুদুল হাসান। কিন্তু শুক্রবার রাত ১১ বাজলেও বাড়িতে না আসায় তার মোবাইল নম্বরে কল দেয় পরিবারের লোকজন। নম্বর বন্ধ পেয়ে স্বজনরা বাজারের দোকান ঘরে  গিয়ে দেখেন ভেতর থেকে দরজা লাগানো। দরজায় নক করেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে উপস্থিত লোকজন  দোকান ঘরের টিনের চাল কেটে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে মাহমুদুল হাসানের  ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

খবর পেয়ে ওইদিন রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।  পারিবারিক কলহের জেরে ক্ষোভে মাহমুদুল হাসান আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত