রেসিডেন্সি পারমিট নিয়ে সুখবর দিলো সৌদি সরকার

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম

সৌদি আরব গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করেছে। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাসের জন্য এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করতে পারবেন। এতে গৃহকর্মী নিয়োগের ব্যয় পরিচালনায় আরও নমনীয়তা আসবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম মুসানেদের যৌথ উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে।

সৌদি সংবাদপত্র ওকাজ জানিয়েছে, নতুন ব্যবস্থায় নিয়োগকর্তারা গৃহকর্মী ও একই শ্রেণির কর্মীদের জন্য ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের রেসিডেন্সি মেয়াদ বেছে নিতে পারবেন। আবশের প্ল্যাটফর্মের মাধ্যমে এসব অনুমতিপত্র ইস্যু ও নবায়ন করা যাবে।

এর ফলে দীর্ঘ মেয়াদের জন্য একসঙ্গে ফি পরিশোধের বাধ্যবাধকতা থাকছে না। নিয়োগকর্তারা যে মেয়াদ নির্বাচন করবেন, শুধু সেই সময়ের জন্যই রেসিডেন্সি ফি পরিশোধ করবেন। অর্থাৎ তিন মাস বা তার গুণিতক মেয়াদের ফি ত্রৈমাসিক ভিত্তিতে দেওয়া যাবে।

এর আগে গৃহকর্মীদের রেসিডেন্সি সাধারণত এক বা দুই বছরের জন্য নবায়ন করা হতো।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ব্যবস্থার লক্ষ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক ব্যবস্থাপনায় আরও নমনীয়তা দেওয়া, বিভিন্ন পরিবারের প্রয়োজনের সঙ্গে সেবাকে সামঞ্জস্যপূর্ণ করা এবং সরকারি সেবাকে আরও ডিজিটাল ও কার্যকর করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত