২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফাইন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মাসব্যাপী কর্মসূচিও হাতে নিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে পৃথক আয়োজন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণা ও আলোচনা সভা, প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক বিশেষ সংকলন প্রকাশ করবে। এ ছাড়া বিভিন্ন হলে ২২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই অনুষ্ঠানমালা’ আয়োজন করা হবে। এর মধ্যে নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে ২২ জুলাই, বিজয় একাত্তর হলে ২৩ জুলাই, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২৪ জুলাই, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২৫ জুলাই, রোকেয়া হলে ৩০ জুলাই, শেখ মুজিবুর রহমান হলে ১ থেকে ৪ আগস্ট এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেলে ৫ আগস্ট কর্মসূচি অনুষ্ঠিত হবে।