দলবদলে কে যাচ্ছে কোথায়

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:২৮ এএম

বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের রোমাঞ্চ থিতিয়ে আসার আগেই দলবদলের বাজারে শুরু হয়েছে কোটি কোটি ইউরোর মেগা বাজি। ট্রান্সফার উইন্ডোর রেকর্ড গড়ার এই উন্মাদনার মধ্যেই ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন শুরু হতে যাওয়া নতুন ক্লাব মৌসুম।

স্ট্যামফোর্ড ব্রিজে নতুন বিপ্লব ঘটিয়ে ইউরোপীয় দলবদলে রীতিমতো সুনামি তুলেছে চেলসি। অ্যাস্টন ভিলা থেকে ২৩ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার মরগান রজার্সকে ১৩৮ মিলিয়ন ইউরোয় দলে ভিড়িয়ে ব্রিটিশ ট্রান্সফার মার্কেটের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন ব্লুজদের নতুন স্প্যানিশ কোচ জাবি আলোনসো। দীর্ঘমেয়াদি এই চুক্তির হাত ধরে চলতি গ্রীষ্মকালীন উইন্ডোতে চেলসির মোট খরচ ছাড়িয়ে গেছে ২৫০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩,৫৫০ কোটি টাকা! এছাড়া স্ট্রাসবার্গের ২১ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকোকেও দলে ভিড়িয়েছে চেলসি, যিনি ফরাসি ক্লাবটির হয়ে গত মৌসুমে ৪৩ ম্যাচে ৩ গোল ও ৯ অ্যাসিস্ট করেছিলেন। একই মালিকানাধীন হওয়ায় এই ক্লাব থেকে স্ট্যামফোর্ড ব্রিজে পা রাখা পঞ্চম খেলোয়াড় হতে যাচ্ছেন বারকো।

এর মাঝেই দলবদলের আরেকটি চমক হিসেবে চেলসির তরুণ আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে শর্তসাপেক্ষে পুরো এক মৌসুমের ধারে দলে ভেড়াতে সমঝোতায় পৌঁছেছে অ্যাস্টন ভিলা, যেখানে নির্দিষ্ট কিছু ম্যাচ খেলার শর্ত পূরণ হলে ৪ কোটি ৩০ লাখ পাউন্ডে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও থাকছে।

আলোড়নের এখানেই শেষ নয়। ট্রান্সফার উইন্ডোর উত্তাপ বাড়িয়ে এখন আকর্ষণের কেন্দ্রে আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। ক্লাবটিতে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট এই তারকাকে পেতে মরিয়া বার্সেলোনা ১০০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়ে ৩১ জুলাইয়ের কড়া ডেডলাইন বেঁধে দিলেও, আতলেতিকো প্রেসিডেন্ট এনরিক সেরেসো সাফ জানিয়ে দিয়েছেন যে আলভারেজকে বিক্রি করার ইচ্ছা তাদের নেই। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই স্ট্রাইকারের রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো। এদিকে চেলসির কাছে মরগান রজার্সকে হারানোর ক্ষত ভুলতে আর্সেনাল এখন আলভারেজকে ঘিরেই বুনছে নতুন ছক।

অন্যদিকে বার্সেলোনাও বসে নেই; বরুসিয়া ডর্টমুন্ড  থেকে ৫ বছরের চুক্তিতে ন্যু ক্যাম্পে এনেছে জার্মান উইঙ্গার করিম আদেইয়েমিকে। কোচ হান্সি ফ্লিকের অধীনে খেলার তাড়না এবং লিওনেল মেসিকে নিজের আইডল মানা ২৪ বছর বয়সী এই তারকা বার্সার আক্রমণভাগে নতুন গতি যোগ করতে প্রস্তুত।

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর থেকেই রদ্রির ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। স্প্যানিশ জায়ান্টরা যদি তাদের আগ্রহ জোরালো করার সিদ্ধান্ত নেয়, তবে রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য জোর চেষ্টা চালাবেন রদ্রি। ইউরোপিয়ান ক্লাবগুলোর বাইরে সৌদি প্রো-লিগের প্রভাবশালী ক্লাব আল হিলালও দলবদলের বাজারে নতুন ঝড় তুলেছে। ওয়েস্টহাম থেকে ৮০ মিলিয়ন ইউরোয় ডাচ উইঙ্গার ক্রিসেনসিও সমারভিলকে দলে ভেড়ানোর পরপরই এবার তাদের বড় লক্ষ্য পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ী এবং ২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দারুণ পারফর্ম করা এই তারকাকে ড্রেসিংরুমে টানতে তার এজেন্টের সঙ্গে প্রাথমিক আলোচনাও শুরু করেছে সৌদি ক্লাবটি। তবে টানা দুইবারের চ্যাম্পিয়নস লিগজয়ী দেম্বেলেকে সহজে ছাড়তে রাজি নয় পিএসজি; ২০২৮ সাল পর্যন্ত মেয়াদ থাকা সত্ত্বেও তাকে নতুন চুক্তিতে রেখে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্যারিসের ক্লাবটি।

এদিকে ইউরোপের পাট চুকিয়ে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেওয়া এই তারকাকে দলে পেয়ে লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের সঙ্গী পেল মায়ামি। তবে খেলোয়াড় নেওয়ার নিয়মভঙ্গের (‘টেম্পারিং’) অভিযোগে এই চুক্তি নিয়ে তদন্ত শুরু করেছে এমএলএস কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত