বিশ্বকাপের পর থেমে থাকা মেজর লিগ সকার আবার শুরু হয়েছে। লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে শিকাগো ফায়ারকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠের ম্যাচে দুটি গোল লুইস সুয়ারেজের, ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলটি প্রেস্টন প্ল্যামবেকের। মায়ামির এ জয়ে শিকাগো ফায়ারের হয়ে রবার্ট লেভানডফস্কির এমএলএস অভিষেকটা সুখকর হলো না।
বিশ্বকাপের ফাইনালে গত রবিবার স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। সে ম্যাচে খেলা মেসি ও রদ্রিগো দি পলকে ছাড়াই মাঠে নামে ইন্টার মায়ামি। দলের অধিনায়ক ছিলেন উরুগুয়ে কিংবদন্তি সুয়ারেজ। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ছেড়ে শিকাগো ফায়ারে যোগ দেওয়া ৩৭ বছর বয়সী লেভানডফস্কির এটি ছিল এমএলএসে প্রথম ম্যাচ। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭০০-এর বেশি গোল করা লেভানডফস্কি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়েও দারুণ সফল ছিলেন। শিকাগোর জার্সিতে অভিষেক ম্যাচে শুরুর একাদশের হয়ে ৬৩ মিনিট খেলেন।
তবে ম্যাচের নায়ক ২০ বছর বয়সী প্রেস্টন প্ল্যামবেক। ইন্টার মায়ামির যুব একাডেমি থেকে উঠে আসা এই ফরোয়ার্ড বদলি হিসেবে নেমে ৮৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন। ১৪তম মিনিটে লেভানডফস্কির নেওয়া শট প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়। তবে চার মিনিট পরই এগিয়ে যায় শিকাগো ফায়ার, সেটিও ইন্টার মায়ামির আত্মঘাতী গোলে। কানাডার হয়ে বিশ্বকাপে খেলা গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের জায়গায় একাদশে সুযোগ পাওয়া রোকো রিওস ডিফেন্ডার ইয়ান ফ্রের সহজ একটি ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে বলে ঠিকমতো পা লাগাতে পারেননি। তার পাশ কাটিয়ে বল গড়িয়ে জালে ঢুকে যায়।
২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুয়ারেজ। এরপর ৫১তম মিনিটে জার্মান বেরতেরামের দারুণ এক ব্যাকহিল পাস থেকে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়েও দেন তিনি। ৬৭তম মিনিটে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার পুসো দিথেজানে গোল করে শিকাগো ফায়ারকে ২-২ সমতায় ফেরান।
তবে শেষ হাসি হাসে ইন্টার মায়ামিই। ৮৭তম মিনিটে লুইস সুয়ারেজের কাছ থেকে নেওয়া কাছের দূরত্বের শট গোলরক্ষক ক্রিস ব্র্যাডি ফিরিয়ে দিলে ফিরতি বলে ভলিতে জাল খুঁজে নেন প্রেস্টন প্ল্যামবেক। ইন্টার মায়ামির জার্সিতে এটিই তার প্রথম গোল।
জয়ে অভিষেক গ্রিজমানের : ফরাসি ফরোয়ার্ড আতোয়াঁ গ্রিজমান অরল্যান্ডো সিটির হয়ে গোল করে নিজের এমএলএস অভিষেক রাঙিয়েছেন। অরল্যান্ডো সিটি ৪-০ গোলে হারায় সান হোসে আর্থকুয়েকসকে। ম্যাচের ৪৮তম মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন গ্রিজমান, যা তার ক্লাব ক্যারিয়ারের ৩০০তম গোল।