বাংলাদেশে প্রযুক্তি ও শিল্প খাতে চীনের বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন গভর্নর। একই সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে চীনকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ব্যাংক জনিয়েছে, সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।
বৈঠকে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতে বাংলা কিউআর বাস্তবায়নে চীনের একক কিউআর ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কামনা করেন গভর্নর।
এ সময় চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বিনিয়োগবান্ধব বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা নিজ দেশে ফেরত নিতে পারবেন।
সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির কাউন্সেলর সং ইয়াং ও অ্যাটাশে ওয়েন চিনহুয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও মো. সরোয়ার হোসেন।