রোদের সাথে বৃষ্টি নামে
মেঘের কত খেলা,
ব্যাঙের বিয়ের খবর পেয়ে
বসে খুশির মেলা।
কচুপাতার ছাতা মাথায়
বরটি আসছে ধীরে,
শাপলা-ফুলের মালা পরে
কনে দেখছে ফিরে।
ফড়িং বাজায় ঢোল তবলা
ঝিঁঝি গাইছে গান,
শামুক কাকা তালি দিয়ে
বাড়ায় সবার মান।
ডাহুক নাচছে বকের সাথে
জমলো কত ভিড়,
ব্যাঙের দাদাও উঠলো নেচে
রইলো না স্থির।