গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে সমস্ত নেতিবাচক সমালোচনাকে পাশ কাটিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতেই কড়া জবাব দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। স্প্যানিশ ক্রীড়া মাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
ঘটনার সূত্রপাত কনমেবল সুদামরিকানার প্লে-অফের প্রথম লেগের ম্যাচকে কেন্দ্র করে। ভেনেজুয়েলার ক্লাব ‘ইউনিভার্সিদাদ সেন্ট্রাল অব ভেনিজুয়েলা’র (ইউসিভি) মুখোমুখি হওয়ার কথা ছিল সান্তোসের। তবে কোচিং স্টাফের সিদ্ধান্তে ও সাম্প্রতিক বিশ্বকাপ ক্লান্তি কাটাতে নেইমারকে এই ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়। কিন্তু দলের সঙ্গে ভেনেজুয়েলা সফরে না গিয়ে সাও পাওলোতে আয়োজিত একটি পোকার টুর্নামেন্টে হাসিমুখে অংশ নেন নেইমার। ডব্লিউটিসি কমপ্লেক্সের ‘গোল্ডেন হল’-এ চলা ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের টেবিলে তার উপস্থিতির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চটে যান সান্তোসের ভক্ত-সমর্থক ও বিশ্লেষকরা। দলের কঠিন সময়ে তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে শুরু হয় জোরালো সমালোচনা।
এদিকে তারকা ফরোয়ার্ড নেইমার ও গাবিগোলকে মাঠের বাইরে রেখেই অবশ্য দুর্দান্ত পারফর্ম করেছে সান্তোস। ভেনেজুয়েলার এস্তাদিও পলিদেপোর্তিভো মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে স্বাগতিক ইউসিভিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোর পথ প্রায় পাকা করে ফেলেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমালোচনার ঝড় দেখে চুপ থাকেননি নেইমারও। জিম করার সময় ধারণ করা একটি ভিডিওবার্তা প্রকাশ করে তিনি সমালোচকদের একহাত নেন। বিরক্তি প্রকাশ করে নেইমার বলেন, ‘আমি এখানে আমার দ্বিতীয় অনুশীলনের প্রস্তুতি নিচ্ছি। তখনই মনে পড়ল, আমার ছুটির দিনে আমি পোকার খেলতে গিয়েছিলাম বলে অনেকেই অনেক কথা বলছেন। আমি সকালে অনুশীলন করেছি, ম্যাচে যাইনি এবং ছুটির দিনে বিশ্রাম নিয়ে আবার অনুশীলনে ফিরেছি। তবুও মানুষ কথা বলেই যাচ্ছে। আচ্ছা, আমি এখন অনুশীলন করার অনুমতি পাব, নাকি এটার জন্যও আপনারা আমাকে সমালোচনা করবেন? নিজের চরকায় তেল দাও।’ এর আগে সামাজিক মাধ্যমে আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘জীবন একটা ট্র্যাজেডি বা রসিকতা, এটাকে এত গুরুত্ব সহকারে নেওয়ার কিছু নেই।’
পোকার খেলার প্রতি নেইমারের দুর্বলতা নতুন কিছু নয়। এর আগেও গত বছর একই টুর্নামেন্টে অংশ নিয়ে বেশ ভালো পারফর্ম করে প্রাইজমানি জিতেছিলেন তিনি। সব মিলিয়ে মাঠের বাইরে পোকার টেবিলের বিতর্ক আর মাঠের ভেতর দলের জয় সব মিলিয়ে বর্তমান সময়টা বেশ উত্তালই কাটছে এই ব্রাজিলিয়ান তারকার।