সরাসরি শেষ আটে বাংলাদেশ

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:৩৯ এএম

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ছেলেদের বিভাগে ক্রিকেট ক্যাটাগরিতে র‌্যাঙ্কিংয়ের সুবাদে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই চার দলকে প্রথম রাউন্ড খেলতে হবে না। এবারের আসরে ক্রিকেটে ছেলেদের বিভাগে অংশ নেবে ১০টি দল এবং মেয়েদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ৮টি দল।

পুরুষ বিভাগের প্রথম পর্বে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করবে। ছেলেদের ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। টি-টোয়েন্টি সংস্করণে সব ম্যাচই হবে জাপানের নাগোয়ায়।

নারী বিভাগের খেলা শুরু হবে কোয়ার্টার ফাইনাল দিয়ে। মেয়েদের ক্রিকেট ইভেন্টের সূচি নির্ধারণ করা হয়েছে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।

হকিতে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ এশিয়ান গেমসের হকি ড্র অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। যেখানে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় বিভাগেই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। এশিয়ান গেমসের অন্যতম পরাশক্তি এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক জাপানের সঙ্গে পুরুষ বিভাগের ‘এ’ পুলে স্থান পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের অন্য সঙ্গীরা হলো দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। টুর্নামেন্টের অন্যতম বড় আকর্ষণ ভারত ও পাকিস্তানকে গ্রুপ পর্বে আলাদা রাখা হয়েছে; পাকিস্তান রয়েছে ‘বি’ পুলে। যেখানে তাদের লড়তে হবে মালয়েশিয়া, চীন, ওমান, উজবেকিস্তান ও থাইল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে নারী বিভাগেও লাল-সবুজ প্রতিনিধিদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, যেখানে ‘এ’ পুলে তাদের লড়তে হবে চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে। নারী হকির পুল ‘বি’তে রয়েছে ভারত, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং উজবেকিস্তান।

কাবাডিতেও কঠিন প্রতিপক্ষ

এশিয়ান গেমসে কাবাডির গ্রুপিং চূড়ান্ত হয়েছে। পুরুষ ও নারী দুই বিভাগেই কঠিন লড়াই করতে হবে বাংলাদেশকে। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় গেমসকে সামনে রেখে কাবাডি প্রতিযোগিতার গ্রুপিং চূড়ান্ত হয়েছে। পুরুষ কাবাডিতে বাংলাদেশ জায়গা পেয়েছে এ- গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে, স্বাগতিক জাপান ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারত। 

অন্যদিকে নারী বিভাগেও বাংলাদেশের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। এ- গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইরান, জাপান ও শক্তিশালী ভারত। বি- গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও নেপাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত