কঠিন প্রতিপক্ষেই তৃপ্তি শান্তর

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:৪১ এএম

মিরপুরে গতকাল নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সে অনুষ্ঠানিকতা শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। তবে শর্ত বেঁধে দেন, নতুন কুঁড়ির বাইরের কোনো বিষয়ে কথা বলবেন না। তবু পার পেলেন না। আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে চ্যালেঞ্জের পাশাপাশি তৃপ্তির ঢেঁকুর তোলেন শান্ত।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কে নেই এই ১৩ সদস্যের দলে! অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন চোট কাটিয়ে ফিরেছেন। বোলিং বিভাগে তাদের সঙ্গে আছেন মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড। ব্যাটিংয়ে স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেনের মতো তারকারা আছেন। এমনিতেই বাংলাদেশের বিপক্ষে খুব বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলে না অজিরা। মাঝেমধ্যে সাদা বলের দুই সংস্করণে খেললেও তুলনামূলক দ্বিতীয় সারির দল নামায়। এবার ব্যতিক্রম। এতেই অবাক শান্ত।

বিস্মিত কণ্ঠে শান্ত বলেন, ‘সাধারণত এর আগে আমি এমন কিছু দেখিনি। আমাদের বিপক্ষে খেলতে গেলে অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। আমি বলব যে, এটা দল হিসেবে আমাদের একটা অর্জন।’ টেস্টে অস্ট্রেলিয়া বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছে বলেই মনে করেন তিনি, ‘এমন একটা দল ওরা দিয়েছে, তাদের বিপক্ষে খেলা আমাদের দলের জন্য বড় সুযোগ। এই দলের বিপক্ষে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে চাই। ইতিমধ্যে টেস্টে আমরা একটা ভালো অবস্থা তৈরি করেছি। যদি প্রতিপক্ষের স্কোয়াডটা দেখেন, এতেই বোঝা যাচ্ছে তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।’

ডারউইনে ১৩ আগস্ট প্রথম ও ম্যাকাইয়ে ২২আগস্ট টেস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত