ইউএনওর কোলে শিশু, পরীক্ষা দিলেন মা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:০৫ এএম

দশ মাসের শিশুসন্তান কোলে নিয়ে ফ্যামিলি কার্ড শুমারির জরিপকারীর ব্যবহারিক পরীক্ষা দিতে এসেছিলেন মা সাবিনা ইয়াসমিন (২৮) নামে এক গৃহবধূ। বিষয়টি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে আসা ইউএনও উম্মে হাবিবা ফারজানার নজরে এলে তিনি শিশুটিকে কোলে তুলে নেন এবং শিশুর মা সাবিনাকে নির্বিঘেœ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। গত শনিবার সকাল ১০টার দিকে রাজশাহীর দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

গতকাল ফ্যামিলি কার্ড শুমারি জরিপকারীর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে মোট ৬৫০ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষা দিতে ১০ মাসের সন্তানকে নিয়ে কেন্দ্রে আসেন সাবিনা ইয়াসমিন।

শিশুর মা সাবিনা ইয়াসমিন বলেন, ‘তাড়াহুড়ো করে বাচ্চাকে নিয়েই পরীক্ষা দিতে কেন্দ্রে চলে আসি। কিন্তু বাচ্চাকে রাখার জন্য কাউকে পাচ্ছিলাম না। বিষয়টা ইউএনও স্যার দেখে বাচ্চাকে কোলে নিয়ে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন।’

পরীক্ষাকেন্দ্রের ১২৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী আশরাফুল হক বলেন, পরীক্ষার সময় ইউএনও স্যার বাচ্চা কোলে নিয়ে কক্ষ পরিদর্শন করছিলেন। ভেবেছিলাম বাচ্চাটি তারই। কিন্তু পরীক্ষা শেষে জানতে পারি বাচ্চাটি এক পরীক্ষার্থীর।

ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, আমি যখন বিসিএস পরীক্ষা দিই, তখন আমার বাচ্চা ছোট ছিল। পরীক্ষাকেন্দ্রে গিয়ে বাচ্চা নিয়ে বিড়ম্বনায় পড়েছিলাম। পরে অন্যের কোলে তুলে দিয়ে আমি পরীক্ষা দিয়েছিলাম। বিষয়গুলো আমি অনুভব করি। পরীক্ষার্থীরা যেন কোনো প্রতিবন্ধকতার শিকার না হয় সেটা লক্ষ্য রাখি। এ ছাড়া আমিও একজন মা। সন্তানের অনুভূতি আমি বুঝি। একজন মা যদি সন্তানের কারণে পরীক্ষা দিতে না পারেন, সেটা সবার জন্যই কষ্টের। তাই ক্ষুদ্র এই চেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত