যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত সাময়িকভাবে বন্ধ হওয়া এবং কূটনৈতিক সমাধানের আশায় বিশ্ববাজারে টানা তিন দিনে জ্বালানি তেলের দাম প্রায় ১৭ শতাংশ কমেছে। মূলত দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনার খবরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে এই বড় পতন দেখা যায়।
টানা তিন দিনের পতনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের (Brent Crude) দাম প্রায় ১৭ শতাংশ কমেছে। এর মধ্যে সোমবার (২৭ জুলাই) একদিনেই দাম কমেছে ১০ শতাংশের বেশি।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০ টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬১ ডলার বা ৫ দশমিক ২ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।
সর্বশেষ লেনদেন অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৮৬.৮৯ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (WTI) দাম ব্যারেলপ্রতি ৮১.১৬ ডলারে নেমে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে "ভালো আলোচনা" চলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর ফলে হরমুজ প্রণালী ও বাব আল-মান্দেব প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার নতুন আশা তৈরি হয়েছে।
রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের ক্যাস্পিয়ান পাইপলাইন টার্মিনাল থেকে পুনরায় অপরিশোধিত তেল পরিবহন শুরু হওয়ায় বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটেছে।
