লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০১:০৮ এএম

নাটোরের লালপুর উপজেলায় সাপের কামড়ে লতা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার লালপুর ইউনিয়নের বুধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধপাড়া গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সাইদুর রহমানের স্ত্রী লতা খাতুন বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ বাড়ির খড়ের ঘরে কাজ করার সময় ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে একটি সাপ কামড় দেয়। এ সময় তার স্বামী বাড়িতে না থাকায় তিনি নিজেই কাপড় দিয়ে পা বেঁধে প্রাথমিকভাবে ক্ষতস্থানে চেপে ধরেন।

পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসা কেন্দ্রে না নিয়ে উপজেলার ডাবেরপাড়া এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। দীর্ঘ সময় পর অবস্থার অবনতি হলে সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে লতা খাতুনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ ঘটনায় লালপুর থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত অব্যাহত আছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, সাপের কামড়ের পর ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা ও প্রয়োজনে অ্যান্টিভেনম গ্রহণই জীবন রক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত