নতুন মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধারে বড় বাজেটের দল গড়ছে মোহামেডান। এরই মধ্যে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের চার খেলোয়াড়সহ জাতীয় দলের পাঁচ ফুটবলারকে দলে নিয়েছে সাদা-কালোরা।
নতুন করে চুক্তিবদ্ধ পাঁচ ফুটবলার হলেন জাতীয় দলের ডিফেন্ডার সাদ উদ্দিন, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, মিডফিল্ডার সোহেল রানা (জুনিয়র), ফরোয়ার্ড শাহরিয়ার ইমন ও সেন্টারব্যাক শাকিল আহাদ তপু। তাদের মধ্যে সাদ, ফাহিম, সোহেল রানা ও শাহরিয়ার ইমন গত মৌসুমে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন। তপু গত মৌসুমেও ছিলেন মোহামেডানে। তাদের মধ্যে সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু ও ফয়সাল আহমেদ ফাহিম জাতীয় দলের একাদশে নিয়মিত খেলেন।
মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান বলেন, ‘আমরা এবার লিগ শিরোপা পুনরুদ্ধার করতে চাই। এ কারণেই বড় বাজেটের দল গড়ছি। সাদ, ফাহিম, সোহেল রানা, শাহরিয়ার ইমন ও শাকিল আহাদকে আমরা সই করিয়েছি। ফলে আমাদের ২৯ জন খেলোয়াড় নিশ্চিত হয়ে গেছে।’
রানার্সআপ বাংলাদেশ
কাভা মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। বুধবার ইসলামাবাদে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকরা ৩-০ সেটে হারিয়ে দেয় লাল সবুজের দলকে। এবারের আসরে খেলা ছয় দলের মধ্যে পাকিস্তানের র্যাংকিংই সবচেয়ে ভালো। তাদের ৩৯ এবং বাংলাদেশের ৭৫। ফাইনালের প্রথম (২৫-২০) ও তৃতীয় (২৫-২০) সেটে যাও লড়াই করতে পেরেছে বাংলাদেশ। দ্বিতীয় সেটে রীতিমতো খেই হারিয়ে ফেলেছে (২৫-১৬) হরষিতরা। ফলে টুর্নামেন্টের রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। একই দিন ব্রোঞ্জ পদকের ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় হয়েছে শ্রীলঙ্কা। লিগ পর্বে পাঁচ ম্যাচে কেবল একটিতে হেরেছে বাংলাদেশ, সেটা স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেই। বাকি চার ম্যাচে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে পরাজিত করেন হরষিত বিশ্বাসরা। কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৬ সালে। সেবার ঢাকায় কিরগিজস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিলেন বাংলাদেশের পুরুষ দল।
ফের হকিতে গেরহার্ড
আবারও ঢাকায় আসছেন জার্মান হকি কোচ গেরহার্ড পিটার। এশিয়ান গেমসকে সামনে রেখে তাকে ফিরিয়ে আনছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফেডারেশনের একটি সূত্রে জানা গেছে, এরই মধ্যে গেরহার্ডের সঙ্গে সমঝোতা চূড়ান্তও হয়েছে। প্রাথমিকভাবে দুই মাসের চুক্তিতে দায়িত্ব নিচ্ছেন এই জার্মান কোচ। এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। সূত্র আরও জানায়, গেরহার্ডের কোচিং প্যানেলে থাকবেন চারজন স্টাফ। ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক বলেন, ‘আশা করি, গেরহার্ড এই শুক্রবারই ঢাকায় আসবেন। তার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। এরপর দলকে নিয়ে জার্মানিতে যাবেন। সেখানে যুক্ত হবেন আরও চারজন কোচিং স্টাফ-পল লিসেক, অলিভার কার্স, ম্যাথিয়াস ও আকিম মানসেস।’
