‘আমার সময় শেষ হয়ে গেছে’

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম

বিশ্বকাপ ব্যর্থতার ক্ষত এখনো তাজা। ১৬ দলের লড়াই (রাউন্ড অব ১৬) থেকে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার কয়েক সপ্তাহের মাথায় এবার জাতীয় দল থেকে নিজের অবসরের কথা চূড়ান্তভাবে জানিয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেলেসাওদের হয়ে আর মাঠে নামার কোনো ইচ্ছে তার নেই। মঙ্গলবার রাতে কোপা সুদামেরিকানার ম্যাচে ভেনেজুয়েলার ক্লাব ‘ইউনিভার্সিটি সেন্ট্রাল’কে ৪-২ গোলে হারায় নেইমারের বর্তমান ক্লাব সান্তোস। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বার্তা নিশ্চিত করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিষন্ন বদনে নেইমার বলেন, ‘আমার মনে হয় জাতীয় দলের হয়ে আমার সময় শেষ হয়ে গেছে। সেখানে আমি ইতিহাস তৈরি করেছি এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। জাতীয় দলের জার্সিতে অনেক কিছুর মধ্য দিয়ে গেছি, রক্তের ফোঁটা ফেলেছি, জীবন বাজি রেখেছি এবং সবসময় হলুদ জার্সির জন্য লড়াই করেছি। কিন্তু আমার মনে হয় না যে আমি আর এটি চালিয়ে যেতে চাই।’

গত ৫ জুলাই নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর দেওয়া তার আকস্মিক বক্তব্যেরই পুনরাবৃত্তি করলেন। সেই ম্যাচে বিকল্প খেলোয়াড় হিসেবে নেমে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে এক গোল করেছিলেন তিনি। কিন্তু দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি। ম্যাচের পরপরই তিনি বলেছিলেন, ‘আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। এবার সব শেষ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত