বিশ্বকাপ বিক্রি করতে চান ইনফান্তিনো

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৫ এএম

বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ পরিচালনাকারী সংস্থাকে একটি বাণিজ্যিক কোম্পানিতে রূপান্তরিত করার পরিকল্পনা করছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। প্রস্তাবিত এই নতুন কোম্পানির মালিকানা ভাগ করা হবে বেসরকারি বিনিয়োগকারী এবং বিভিন্ন জাতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইনফান্তিনো নিজে মোটা অঙ্কের আর্থিক সুবিধা পাবেন এবং নতুন এই কোম্পানির সিইও হিসেবে নিযুক্ত হতে পারেন।

ট্রাম্পের ঘনিষ্ঠদের নিয়ে ট্রিপল পার্টনারশিপ : অংশীদারত্ব ও বেসরকারিকরণের এই বিশাল নকশা তৈরিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্ত রয়েছেন। ফিফা নিশ্চিত করেছে যে, এই প্রকল্পের সঙ্গে দুটি বড় আর্থিক সংস্থা যুক্ত: থ্রাইভ ক্যাপিটাল- ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে পুরুষ ও নারী বিশ্বকাপের মালিকানা কিনতে আগ্রহী বেসরকারি বিনিয়োগকারীদের একটি দল বা কনসোর্টিয়াম তৈরি করছে। জেপি মরগান : মার্কিন আর্থিক দৈত্য জেপি মরগান এই পুরো প্রক্রিয়ায় ফিফার প্রধান আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করছে।

শেয়ার বণ্টন ও ইনফান্তিনোর সম্ভাব্য ১০ গুণ বেতন বৃদ্ধি ; ফিফার মূল ইভেন্টগুলো- বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ পরিচালনার জন্য একটি নতুন বাণিজ্যিক শাখা গঠন করা হবে। এর ২০ শতাংশ শেয়ার বণ্টন করা হবে ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের মধ্যে এবং প্রায় ৩০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে। প্রতিটি সদস্য ফেডারেশন আনুমানিক ২ কোটি (২০ মিলিয়ন) মার্কিন ডলার মূল্যের শেয়ার প্যাকেজ পাবে।

উয়েফা ও মার্কিন রাজনীতিতে তীব্র ক্ষোভ : ইনফান্তিনোর এই বাণিজ্যিক পরিকল্পনার খবর ছড়িয়ে পড়তেই ইউরোপীয় ফুটবলে চরম তোলপাড় শুরু হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক জরুরি বিবৃতিতে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘ফুটবল পরিচালনাকারী সংস্থাগুলোর যে সীমা কখনোই অতিক্রম করা উচিত নয়, এই প্রস্তাবের মাধ্যমে সেই সীমানা পার করা হয়েছে। ফুটবলের আত্মা এবং পরিচালনা ব্যবস্থা বেচাকেনার কোনো পণ্য হতে পারে না বিশেষ করে যেখানে আর্থিক লাভের বিষয়টি সম্পূর্ণ অস্বচ্ছ। আমরা কেউ ফুটবলের মালিক নই এবং এটি বিক্রি করার কোনো অধিকার ফিফার নেই।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, ‘বিশ্বকাপ কোনো বিক্রয়যোগ্য পণ্য নয়। এটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা। এই চুক্তিকে যেভাবে খুশি সাজানো হোক না কেন, এর একটি অংশ বিক্রি করে দেওয়া মানেই খেলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। ফুটবল সবসময় সমর্থকদের ছিল এবং থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত