দেয়াল ধসে ব্রাজিলের ফুটবলারের করুণ মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

প্রকৃতির এক নিষ্ঠুর ছোবলে স্তব্ধ ব্রাজিলিয়ান ফুটবল অঙ্গন। তীব্র ঝোড়ো হাওয়ার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন দেশটির লিগের পরিচিত মুখ, বোটাফোগোর সাবেক ফরোয়ার্ড তাসিও মাইয়া দোস সান্তোস। রিও ডি জেনিরোর পাহাড়ি এলাকায় একটি দেওয়াল ধসে প্রাণ হারান ৪১ বছর বয়সী এই সাবেক ফরোয়ার্ড।

রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে অবস্থিত মানসাও আলভিতে নামের একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করতেন তাসিও। এক পুরোনো ভবনের সংস্কার কাজের সময় প্রায় ৭৫ মাইল বেগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ার ধাক্কায় হঠাৎ করেই ধসে পড়ে ভবনটির একটি দেয়াল। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তাসিওসহ তার এক বন্ধু ও কাজের সহকর্মী প্রাণ হারান।

২০০২ সাল থেকে পেশাদার ফুটবল শুরু করা তাসিও দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২৭টি ভিন্ন ক্লাবে। নিজ দেশের নানা ক্লাবের পাশাপাশি বুলগেরিয়ার সিএসকে সোফিয়া এবং কোস্টারিকার দেপোর্তিভো সাপ্রিসার হয়েও মাঠ মাতিয়েছেন তিনি। ২০১৯ সালে যান অবসরে।

সাবেক এই ফুটবলারের আকস্মিক ও করুণ প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে তার সাবেক ক্লাব বোটাফোগো। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়, ‘গভীর বেদনা ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা স্মরণ করছি আমাদের সাবেক খেলোয়াড় তাসিও মাইয়া দোস সান্তোসকে। ঝড়ের কবলে পড়ে তার এই চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমরা জানাচ্ছি গভীর সমবেদনা।’


×
সর্বশেষ সর্বাধিক পঠিত