সন্দেহে নষ্ট হয় সম্পর্ক

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১২:২০ এএম

সম্পর্ক গড়ে তুলতে বিশ্বাস লাগে। আন্তরিকতা লাগে। কিন্তু সেই সম্পর্ক ভেঙে দিতে অনেক সময় একটি অমূলক সন্দেহই যথেষ্ট। সন্দেহ মানুষের মনকে অস্থির করে। হৃদয়ে দূরত্ব সৃষ্টি করে। ভালোবাসার জায়গায় অবিশ্বাস জন্ম দেয়। তাই ইসলাম মানুষের হৃদয়কে কুধারণা থেকে রক্ষা করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। কারণ সুস্থ সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস, আর ভাঙনের শুরু হয় অমূলক সন্দেহ থেকে।

মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো। নিশ্চয়ই কিছু ধারণা পাপ। তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গিবত করো না।’ (সুরা হুজুরাত ১২)

এই আয়াতে আল্লাহ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেছেন। অমূলক সন্দেহ একা আসে না। এর পরেই আসে গোপন বিষয় অনুসন্ধানের প্রবণতা। তারপর শুরু হয় গিবত ও অপবাদ। অর্থাৎ একটি কুধারণা থেকেই একের পর এক পাপের দরজা খুলে যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। কারণ কুধারণাই সবচেয়ে মিথ্যা কথা।’ (সহিহ বুখারি)

পরিবারে সন্দেহের ক্ষতি সবচেয়ে বেশি দেখা যায়। স্বামী যদি স্ত্রীর প্রতি অকারণে সন্দেহ করেন, কিংবা স্ত্রী যদি স্বামীর প্রতি ভিত্তিহীন সন্দেহ পোষণ করেন, তাহলে দাম্পত্য জীবনের শান্তি নষ্ট হয়ে যায়। একসময় ভালোবাসার জায়গায় ভয়, অস্বস্তি ও দূরত্ব তৈরি হয়। ছোট একটি বিষয়ও তখন বড় ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়।

বন্ধুত্বের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। কোনো বন্ধুর আচরণ সম্পর্কে সত্যতা যাচাই না করে খারাপ ধারণা করলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। অনেক বছরের বন্ধুত্বও একটি ভুল সন্দেহের কারণে ভেঙে যেতে পারে।

সমাজেও সন্দেহ বিভেদ সৃষ্টি করে। মানুষ একে অপরকে অবিশ্বাস করতে শুরু করে। পারস্পরিক সহযোগিতা কমে যায়। সম্মান ও সৌহার্দ্যরে পরিবেশ নষ্ট হয়। তাই ইসলাম সমাজে আস্থা ও উত্তম ধারণার সংস্কৃতি গড়ে তুলতে উৎসাহিত করেছে। সন্দেহের আরেকটি ক্ষতি হলো, এটি মানুষকে অন্যের গোপন বিষয় অনুসন্ধানে উৎসাহিত করে। কেউ কারও ফোন, ব্যক্তিগত বার্তা বা ব্যক্তিগত বিষয় অনুসন্ধান করতে শুরু করে। অথচ ইসলাম অন্যের গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে শিখিয়েছে।

মুমিনের উচিত অন্য মুমিন সম্পর্কে উত্তম ধারণা রাখা। কোনো আচরণ অস্পষ্ট মনে হলে আগে সত্য জানার চেষ্টা করা। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলা। শোনা কথার ওপর সিদ্ধান্ত না নেওয়া। কারণ সত্য যাচাই ছাড়া অভিযোগ করা ইসলামের শিক্ষা নয়।

লেখক : ইসলামি গবেষক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত