ডিবি প্রধান

পুলিশের জারি করা সর্বোচ্চ সতর্কতা শুধু একটি ‘রিমাইন্ডার’

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম

রাজধানীর বিভিন্ন স্থানে বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার পর পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হলেও এর পেছনে নির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য নেই। এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জারি করা একটি ‘রিমাইন্ডার’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

রবিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের আরও সতর্ক থাকার কথা স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, স্পেসিফিক কোনো তথ্য নেই। আমরা সবসময় সতর্ক থাকি। দায়িত্ব পালনকারীরা যেন আরও সতর্ক থাকেন, সে জন্যই এই রিমাইন্ডার।

শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে মাঠপর্যায়ের সব ইউনিটে পাঠানো এক জরুরি বার্তায় পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। এতে সম্ভাব্য হামলার আশঙ্কায় ডিউটির সময় ও পরে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত, নিয়মিত টহল এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার কথা বলা হয়।

ডিবি প্রধান বলেন, জনগণের নিরাপত্তার পাশাপাশি পুলিশ সদস্যদের নিরাপত্তাও নিশ্চিত করতে হয়। সাম্প্রতিক বোমা-সংক্রান্ত কয়েকটি ঘটনা ও গুজবের পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। এটি নতুন কোনো নির্দেশনা নয়, বরং সদস্যদের জন্য একটি স্মারক (রিমাইন্ডার)।

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি উদ্ধারের ঘটনায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে। পাশাপাশি ডিবিও সমান্তরাল (ছায়া) তদন্ত চালাচ্ছে বলে জানান শফিকুল ইসলাম। তিনি বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয়।

কোনো সংগঠনের সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের ঘটনা সাধারণত এককভাবে ঘটে না। কোনো না কোনো মতাদর্শ বা উদ্দেশ্য প্রচারের লক্ষ্যেই এমন কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত