চট্টগ্রামের বন্যার্তদের পাশে পাবজি মোবাইল গেমারদের রিভাইভ স্কোয়াড, সহযোগিতায় ফুটস্টেপস বাংলাদেশ

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য জরুরি চিকিৎসাসেবা ও ত্রাণ তহবিল সংগ্রহে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশের পাবজি মোবাইল গেমিং কমিউনিটি। সমাজসেবামূলক প্রতিষ্ঠান ফুটস্টেপস বাংলাদেশ এর সহযোগিতায় রিভাইভ স্কোয়াড নামে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে গেমিং কমিউনিটি প্রমাণ করেছে, ভার্চ্যুয়াল জগতের বাইরেও তারা সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

সাম্প্রতিক অতিবৃষ্টি ও আকস্মিক পাহাড়ি ঢলে চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হলে শত শত পরিবার খাদ্য, বিশুদ্ধ পানীয় জল এবং জরুরি চিকিৎসাসেবার তীব্র সংকটে পড়ে। এই মানবিক বিপর্যয়ের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত সংগঠিত হন বাংলাদেশের পাবজি মোবাইল গেমার ও গেমিং কনটেন্ট নির্মাতারা।

উদ্যোগের অংশ হিসেবে দেশের জনপ্রিয় গেমিং কনটেন্ট নির্মাতা সিনিস্টার, রাউডি, ডেথস্টর্ম, টাইমবার্নার গেমিং, টুকটুকি, নাঈম, রাফসান দ্য ছোটভাই এবং অ্যাপোলো গেমিং একটি বিশেষ ফান্ডরেইজিং লাইভ স্ট্রিম এর আয়োজন করেন। 

নিজেদের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা পুরো গেমিং কমিউনিটিকে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। এই সরাসরি সম্প্রচার থেকে সংগৃহীত সম্পূর্ণ অর্থ বন্যাদুর্গত মানুষের ত্রাণ তহবিলে প্রদান করা হয়।

সংগৃহীত অর্থের মাধ্যমে ফুটস্টেপস বাংলাদেশ গত ২৪ ও ২৫ জুলাই বান্দরবানের বালাঘাঁটা ও রোয়াংছড়ি এলাকায় দুটি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে। এসব ক্যাম্পে ৫০০ জনেরও বেশি বন্যাদুর্গত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী (ফার্স্ট এইড কিট) প্রদান করা হয়।

আয়োজকদের ভাষ্য, জাতীয় সংকটের সময় গেমিং কমিউনিটি কেবল বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখতে পারে। দেশজুড়ে গেমার, দর্শক ও অনলাইন কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই এই মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

ফুটস্টেপস বাংলাদেশের প্রতিনিধিরা জানান, দুর্গম ও বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় চিকিৎসা ক্যাম্প চালু হওয়ার আগে স্থানীয় অনেক মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলেন। পরে স্বেচ্ছাসেবক ও চিকিৎসকদের সমন্বয়ে দুর্গম এলাকায় পৌঁছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়।

আয়োজকদের মতে, ‘রিভাইভ স্কোয়াড’ উদ্যোগটি দেখিয়ে দিয়েছে যে, ভার্চ্যুয়াল জগতে গড়ে ওঠা একটি গেমিং কমিউনিটিও বাস্তব জীবনে দ্রুত সংগঠিত হয়ে মানবিক সংকটে কার্যকর ভূমিকা রাখতে পারে। এই উদ্যোগ ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়াতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত