কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (সিএপি্ই)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশ-এর সহযোগিতায় ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বাজেট ২০২৬–২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সামিটে দেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, অর্থনীতিবিদ, আয়কর ও ভ্যাট বিশেষজ্ঞ, কর্পোরেট নেতৃবৃন্দ, উদ্যোক্তা, আইনজীবী এবং বিভিন্ন খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
‘From Policy to Practice’ প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটে ৪০০-এর বেশি কর্পোরেট পেশাজীবী, উদ্যোক্তা, ব্যবসায়ী, আইনজীবী এবং আয়কর ও ভ্যাটসংশ্লিষ্ট পেশাজীবী উপস্থিত ছিলেন।
সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ।
জাতীয় বাজেট বাস্তবায়ন, আয়কর, ভ্যাট, কাস্টমস ও রাজস্ব সংস্কার বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সদস্য, করনীতি, জাতীয় রাজস্ব বোর্ড; মো. আজিজুর রহমান, সদস্য, ভ্যাটনীতি, জাতীয় রাজস্ব বোর্ড; এ.কে.এম. মাহবুবুর রহমান, সদস্য, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল; এবং বাপন চন্দ্র দাস, যুগ্ম কমিশনার অব ট্যাক্সেস, জাতীয় রাজস্ব বোর্ড।
প্যানেল আলোচনা সঞ্চালনা করেন মো. আরিফুর রহমান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (সিএপি্ই)।
জাতীয় বাজেট ২০২৬–২৭-এর আয়কর, ভ্যাট ও কাস্টমসসংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ব্যবসায়িক প্রভাব বিশ্লেষণ করে তিনটি কী-নোট উপস্থাপনা করেন প্রথম সচিব ও অতিরিক্ত কমিশনার, কাস্টমস পলিসি ও আইসিটি তারিক হাসান, যুগ্ম কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আহসান উল্লাহ তরুণ; স্নেহাশীষ বড়ুয়া এফসিএ, পার্টনার, স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কো।
সামিটে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ‘বাংলাদেশ বাজেট রিভিউ ২০২৬’, যা সিএপি্ই-এর ফ্ল্যাগশিপ বার্ষিক প্রকাশনা।
এতে জাতীয় বাজেট ২০২৬–২৭-এর আয়কর, ভ্যাট, কাস্টমস, রাজস্বনীতি, বিনিয়োগ, অর্থনীতি, বাণিজ্য এবং ব্যবসায়িক প্রভাব নিয়ে বিশেষজ্ঞদের বিশ্লেষণধর্মী প্রবন্ধ ও পেশাগত মতামত স্থান পেয়েছে।
সামিট ও প্রকাশনাটির মাধ্যমে নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, পেশাজীবী, শিক্ষাবিদ এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দের মধ্যে তথ্যনির্ভর ও কার্যকর সংলাপের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারি নীতি ও বাস্তব ব্যবসায়িক চর্চার মধ্যকার সংযোগ আরও শক্তিশালী করতে সিএপি্ই এ ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
