দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এফবিসিসিআই) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক। গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এফবিসিসিআইয়ের বর্তমান অচলাবস্থা নিরসন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে গতিশীলতা ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর ব্যবসায়ীদের নেতা ফজলুল হক দেশ রূপান্তরকে বলেন, আমাকে ১২০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখন আমার একমাত্র কাজ হচ্ছে, এফবিসিসিআইয়ের সাধারণ সদস্যদের প্রত্যাশা পূরণ করা, তথা একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ফেডারেশনের দায়িত্ব হস্তান্তর করা। আশা করছি, ব্যবসায়ী নেতারা আমাকে এজন্য পূর্ণ সহযোগিতা করবেন।
মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক এবং জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ২৭ জুন ২০২৬ তারিখ থেকে পূর্ববর্তী প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হকের প্রধান কাজ হবে এফবিসিসিআইয়ের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।
