মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য সংরক্ষণ এবং চাল ও গো-খাদ্যের মূল্যতালিকায় অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জ সদরে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সদর উপজেলার বিনোদপুর এলাকায় অভিযান চালান অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, অভিযান চলাকালে মেসার্স এনাম এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য দোকানে প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ জিদানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে মেসার্স এমদাদ এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের চাল ও গো-খাদ্যের মূল্যতালিকায় দাম উল্লেখ না করা এবং হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়টি ধরা পড়লে দোকানটির ম্যানেজার ফয়সাল আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক লিটন কুমার দাস, খাদ্য পরিদর্শক মো. শামিম হোসেন এবং মুন্সীগঞ্জের ব্যাটালিয়ন আনসারের একটি দল অভিযানে সহযোগিতা করে।
