চট্টগ্রামের পাহাড়তলী বাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ আগস্ট) দুপুরে পাহাড়তলী বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে পাহাড়তলী বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ‘জাবেদ ফার্মেসি’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যে নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল কেওড়াজল ও অতিরিক্ত রং ব্যবহার করার অপরাধে ‘ওরশ বাড়ি’ নামের একটি খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম স্থানীয় বাজার কমিটির তোপের মুখে পড়ে। তবে বাধার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন উপপরিচালক ফয়েজ উল্লাহ।

তিনি বলেন, অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বাভাবিক ও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমাদের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত