কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরাচ্ছে হামাস

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১২:৫৯ এএম

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের বেশিরভাগ কার্যক্রম কাতারের রাজধানী দোহা থেকে তুরস্কে স্থানান্তরিত করার প্রস্তুতি নিচ্ছে। গতকাল বুধবার ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান-এর বরাতে জানা গেছে, হামাস তাদের কার্যক্রম তুরস্কে সরিয়ে নেবে। তবে প্রকাশ্য ও দাপ্তরিক কর্মকাণ্ডের বড় একটি অংশ আগের মতোই কাতারে বজায় রাখা হবে। প্রতিবেদনে আরও বলা হয়, দোহা থেকে হামাসের এই সরে যাওয়ার সিদ্ধান্তের পেছনে মূল কারণ কাতার সরকারের অসন্তোষ। খলিল আল-হাইয়াকে হামাসের নতুন প্রধান হিসেবে নির্বাচনের বিষয়ে কাতার তাদের অসন্তোষ প্রকাশ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, আল-হাইয়াকে নতুন নেতা নির্বাচনের পর থেকে দোহায় পরিচালিত হামাসের প্রতিটি অফিশিয়াল বা দাপ্তরিক কর্মকাণ্ডের জন্য আগাম অনুমোদন নেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছে কাতার। দীর্ঘদিন ধরেই হামাসের অনেক শীর্ষ নেতার মতো হামাসের নতুন প্রধান স্বেচ্ছা নির্বাসনে দোহায় রয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় ও আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে হামাসের পাঁচ সদস্য নিহত হলেও, প্রাণে বেঁচে যান আল-হাইয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত