স্কুলছাত্রীকে আপত্তিকর মেসেজ, কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে এক স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব পাঠানোর অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযুক্তের বিরুদ্ধে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে, অভিযুক্ত কর্মচারী দাবি করেছেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে অজ্ঞাত ব্যক্তিরা তার নাম ও ছবি ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত ম্যাসেজ পাঠাচ্ছে। এ ঘটনায় তিনিও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযুক্ত ইমরুল কায়েস রবিন উপজেলার সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত।

শুক্রবার (৭ আগস্ট) ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগে ছাত্রীর বাবা বলেন, তার স্ত্রীর ফেসবুক আইডি মাঝে মাঝে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে ব্যবহার করত। ওই আইডিতে ইমরুল কায়েস রবিনের ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় আপত্তিকর প্রস্তাব পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি জানতে পেরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করেন। তবে এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ছাত্রীর বাবা। পরে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে ইমরুল কায়েস রবিন বলেন, ২০২৫ সালের ১০ মে সকাল সাড়ে ১০টার দিকে তার ব্যবহৃত ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়। এরপর ওই আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তিরা অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর পোস্ট ও মেসেজ পাঠাচ্ছে। এতে তার সামাজিক ও চাকরি জীবনে ক্ষতি হচ্ছে বলে দাবি করেন তিনি।

সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মিন্টু বলেন, বিষয়টি জানার পর শিক্ষকদের নিয়ে বৈঠক করে অভিযুক্ত কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, উভয় পক্ষের জিডির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত