মঠবাড়িয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নে ভাড়ানি নামক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাপলেজা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভি এলাকায় গমনের উদ্দেশ্যে মঠবাড়িয়ায় অবস্থান করছিলেন। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে সাপলেজা ইউনিয়ন থেকে তার সমর্থকেরা মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে সাপলেজা ইউনিয়নের ভাড়ানি নামক স্থানে প্রতিপক্ষ নাসির খানের সমর্থকদের সঙ্গে তাদের মুখোমুখি দেখা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অভির পক্ষের পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হন। অন্যদিকে, নাসির খানের পক্ষের একজন সমর্থক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভি বলেন, আজ বিকেলে মঠবাড়িয়া থেকে সাপলেজা ইউনিয়নে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাকে অভ্যর্থনা জানাতে তার সমর্থকেরা ইউনিয়ন থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে আসছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা নাসির খানের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তার পক্ষের ছয়জন সমর্থক গুরুতর আহত হন। এলাকায় তার জনসমর্থন বেশি থাকায় ঈর্ষান্বিত হয়ে নাসির খানের লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।

চেয়ারম্যান প্রার্থী নাসির খান অভিযোগ অস্বীকার করে বলেন, অভির সমর্থকেরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় ছাত্রদলের একজন কর্মীসহ তার পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, উপজেলার সাপলেজা ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 



সর্বশেষ সর্বাধিক পঠিত