ফ্যামিলি কার্ডের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আটক ৩

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকর্মী পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর এবং গভীর নলকূপ (টিউবওয়েল) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। 

রবিবার (২২ নভেম্বর) রাত ৯ টার দিকে প্রতারক চক্রের সংবাদ পেয়ে চক্রটির ৩ সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার চর বানিয়ারী গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে আজাহার আলী মোল্লা (৪৫), তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও ছেলে রাব্বি মোল্লা (২০)।

পুলিশ জানায়, গত দুই মাস ধরে কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামসহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষের কাছে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে একটি প্রতারক চক্র। এরপর স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপসহ (টিউবওয়েল) সরকারি বিভিন্ন সহায়তা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায় তারা। চক্রটির এমন প্রলোভনে পড়ে উপজেলার কয়েকটি গ্রামের সাধারণ মানুষ তাদের হাতে টাকা তুলে দেন। একপর্যায়ে বিভিন্ন গ্রাম থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায় চক্রটি। এ ঘটনা জানাজানি হলে গতকাল রাতে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ নিয়ে কাউখালী থানায় ভিড় করেন।

ভুক্তভোগীরা জানান, প্রতারক চক্রের মূল হোতা শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চাকরি করেন বলে পরিচয় দিতেন। তিনি অসহায় মানুষের কাছে সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেয়। এ ঘটনায় মূল হোতার প্রধান সহযোগী ফাহিমা একদিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে যান।

ঘটনার পর কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ধাওয়া করে প্রতারক চক্রের ৩ সহযোগীকে আটক করে কাউখালী থানায় সোপর্দ করা হয়। থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের মধ্যে ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন মালামালের জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছেন বলে জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ বলেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি প্রতারক চক্র সুকৌশলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ফ্যামিলি কার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রিপন নামে এক ব্যক্তির মাধ্যমেই ৭ লাখ টাকার বেশি নেওয়া হয়েছে। প্রতারক চক্রের তিন সদস্যকে স্থানীয়দের সহায়তায় আটক করে কাউখালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনা জড়িতদের কঠোর বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ফ্যামিলি কার্ড, টিউবওয়েলসহ বিভিন্ন সুবিধা স্বল্পমূল্যে পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র গত কয়েক দিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়। চক্রের অন্য সদস্যরা এখনো পলাতক রয়েছে। এ ঘটনায় প্রতারণা আইনে মামলা দায়ের করে আজ আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার জানান, প্রতারণার অভিযোগে শতাধিক ভুক্তভোগী থানায় জড়ো হয়েছেন এমন খবর পেয়ে তিনি সেখানে যান। ভুক্তভোগীদের অভিযোগ শোনার পর প্রতারক চক্রের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন তিনি।





সর্বশেষ সর্বাধিক পঠিত