পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া ব্রীজের কাউখালী প্রান্তে এ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
নিহত শান্ত কাউখালি উপজেলার বেকুটিয়া এলাকার শতদল রায়ের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫), একই উপজেলার বাবর মাঝীর ছেলে সুনান মাঝী ও সাজিদ (২৩) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন আরোহী কাউখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়। এর মধ্যে শান্ত নামে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেকুটিয়া ব্রীজে একটি দূর্ঘটনার পান। ঘটনাস্থলে গিয়ে ২ জন গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে এম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে জেলা হাসপাতালে নিয়ে আসেন। এছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে তিনি জানতে পারেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।