যে কারণে কথা বন্ধ আরশ-তাসনুভার

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম

একসময় নিয়মিত কাজ এবং যোগাযোগ করতেন ছোটপর্দার দর্শকপ্রিয় জুটি আরশ খান ও তাসনুভা তিশা। তবে দীর্ঘদিন ধরে একসঙ্গে পর্দায় দেখা যায় না তাদের। হঠাৎ এই জুটির কাজ কমে যাওয়ার কারণ নিয়ে ভক্তদের আগ্রহও কম নয়। এবার সেই দূরত্বের কারণ নিয়ে মুখ খুললেন তাসনুভা তিশা। 

তিশা জানিয়েছেন, আরশের সঙ্গে একাধিকবার মনোমালিন্য হয়েছিল তার। একপর্যায়ে আরশের আচরণে ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে কাজ বন্ধ করে দেন তিনি। অভিনেত্রীর ভাষ্য,‘আরশের সঙ্গে আমার অনেক ঝগড়া হয়েছে। যে কারণে ওর সঙ্গে কাজ করা বন্ধ রেখেছিলাম। ও আমার সঙ্গে বেয়াদবি করেছিল। কী হয়েছিল জানি না। অনেক দিন ধরে আমাদের দেখা বা ফোনেও সেভাবে কথা হয়নি।’ 

তবে সম্পর্কের সেই দূরত্ব পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করেছিলেন বলেও জানান তিশা। তার দাবি, মাঝে মাঝে মেসেজে কথা হলে আরশকে কাজের স্বার্থে নিজেদের বোঝাপড়া ঠিক করার কথা বলেছিলেন তিনি। তিশা বলেন, ‘কাজের খাতিরে আমাদের বোঝাপড়া ঠিক করে নেওয়া দরকার। কারণ দর্শকেরা আমাদের একসঙ্গে পর্দায় দেখতে পছন্দ করেন।’ 

তিশার ভাষায়, ‘ওর অভিনয় ভীষণ ভালো লাগে। আরশের সঙ্গে প্রথম কাজ এবং দুই বছর পর যখন আবার ওর সঙ্গে কাজ করলাম, তখন দেখলাম একজন অভিনেতা হিসেবে কতটা উন্নতি করেছে। সে আসলেই দারুণ অভিনয় করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত