কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ

কাল আন্তর্জাতিক আদিবাসী দিবস

দিবসটির মূলসুর নির্ধারণ করা হয়েছে—‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’।

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম

আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট (রবিবার)। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হতে যাচ্ছে। এ বছর দিবসটির মূলসুর নির্ধারণ করা হয়েছে—‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’।

জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিবাসী অধিকারবিষয়ক ঘোষণাপত্র তাদের নিজস্ব সাংস্কৃতিক চর্চা ও প্রতিষ্ঠান বজায় রাখার অধিকারকে নিশ্চিত করে। এছাড়া, ২০২৬ সালের আন্তর্জাতিক আদিবাসী দিবসে আদিবাসীদের প্রথাগত ধাত্রীসেবার স্বীকৃতি প্রদান, বৈষম্য নিরসন এবং ঐতিহ্যগত স্বাস্থ্যসেবা ও জ্ঞানপদ্ধতি সুরক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশে বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করবে ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’। সংগঠনটি জানিয়েছে, রোববার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আদিবাসী নেতা জগদীশ চন্দ্র বর্মন। এতে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন নারী অধিকারকর্মী খুশী কবির, আন্না মিনজ এমপি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি উষাতন তালুকদার, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান ও ব্যারিস্টার সারা হোসেন।

পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত