রাজধানীর ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে (২৬) কুপিয়ে হত্যা করেছে বাবা-ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও স্টাফ মো. হাসান (২৬)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশের হোটেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবারের দাবি, হোটেলের সামনে অস্থায়ী মুরগির আড়ৎ বসানোর সুযোগ করে দিতেন স্থানীয় এমপির নেতাকর্মীরা। বিনিময়ে তারা প্রতিদিন মুরগি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতেন। কিন্তু হোটেলের সামনে দোকান বসানো নিয়ে মুরগি বিক্রেতাদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে টিকাটুলীর মুরগি ব্যবসায়ী এনায়েত কাজী এবং তার ছেলে ইরান কাজী লোকজন নিয়ে এ হত্যাকান্ড ঘটান। এনায়েত কাজী স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।
নিহতের চাচাতো ভাই রেদওয়ানুল ইসলাম জানান, প্রতিদিন গভীর রাত থেকে সকাল ৯টা পর্যন্ত হোটেলের সামনের সড়কে অস্থায়ী পাইকারি মুরগির আড়ৎ বসাতেন কয়েকজন ব্যবসায়ী। এতে ছড়িয়ে পড়ত ময়লা-আবর্জনা, নোংরা হতো হোটেলের সামনের পরিবেশ। এ নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের প্রায়ই কথা কাটাকাটি হতো।
বৃহস্পতিবার রাতেও এ নিয়ে বিরোধের একপর্যায়ে টিকাটুলীর স্থানীয় বাসিন্দা ও মুরগির দোকানদার এনায়েত কাজী ও তার ছেলে ইরান কাজী ছুরি নিয়ে হোটেলের রিসিপশনে ঢুকে জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাককে কোপাতে থাকেন। তার চিৎকার শুনে ম্যানেজার নাঈমুর ও স্টাফ হাসান এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি কোপানো হয়। এতে নাঈমুরের ঘাড়ে গভীর কোপ লাগে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নাঈমুরের ভাই বাদী হয়ে এনায়েত ও ইরানসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। নাঈমুরের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করার কথা জানিয়েছেন তিনি।
নিহতের চাচা মো. লাবলু জানান, মুরগির দোকান বসানো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় এমপির দ্বারস্থ হলেও সমাধান হয়নি। মূলত এমপির লোকজন জোর করে ওখানে মুরগির দোকান বসাত এবং মুরগি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিত। বৃহস্পতিারও জোরপূর্বক মুরগির দোকান বসিয়ে দেন কয়েকজন নেতা। পরে হোটেলের নিরাপত্তাকর্মীরা দোকান উঠিয়ে দেন। এর জেরে রাতে এনায়েত ও তার ছেলে ইরান লোকজন নিয়ে হামলা চালায় এবং নাঈমুরকে হত্যা করে। এনায়েত বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, আব্দুর রাজ্জাকের পিঠে এবং হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। সেখানে চিকিৎসা শেষে গতকাল তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা গুরুতর।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির দ্বিতীয় তলায় ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল, নিচতলায় বিভিন্ন দোকানপাট। ভবনের সামনের ফুটপাত ও মূল সড়কে মুরগির আড়ত বসানো হতো। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। মুরগি ব্যবসায়ীদের ওপর আশপাশের ব্যবসায়ীসহ স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেন। দ্বিতীয় তলার রিসিপশনের টেবিলে ভাঙচুরের চিহ্ন এবং পরিষ্কার করার পরও আশপাশে রক্তের দাগ দেখা যায়। ঘটনার সময় হোটেলে থাকা কয়েকজন অতিথি চিৎকার শুনে ছুটে আসেন। আতঙ্কে তাদের কেউ কেউ সকালেই হোটেল ছেড়ে যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এনায়েত ও তার মধ্য বয়সী ছেলে ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে দ্বিতীয় তলায় উঠে আব্দুর রাজ্জাককে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে নাঈমুর ও হাসান এগিয়ে এলে তাদেরও কোপানো হয়। এ সময় হোটেলের নিচে অন্তত ২০-২৫ জনকে অবস্থান করতে দেখা যায়। হোটেলকর্মীদের দাবি, তারাও মুরগি ব্যবসায়ী।
ওয়ারী থানার এসআই মো. আলআমিন মিয়া জানান, হোটেলের সামনে মুরগির আড়ত বসানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর জেরে বাবা-ছেলে হামলা চালান। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা-ও যাচাই করা হচ্ছে।
পরিবারের হাল ধরা ছেলেটির বিদেশ যাওয়া হলো না : নিহত নাঈমুর রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ছোটবেলায় মাকে হারানো নাঈমুরের বাবা দৃষ্টিপ্রতিবন্ধী। বাবার চিকিৎসাসহ পরিবারের যাবতীয় ব্যয় বহন করতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে ছোট নাঈমুর অবিবাহিত ছিলেন। বড় ভাই নামজুল হোসেন দুর্জয় গ্রামের বাড়িতে চাচার মুরগির খামারে চাকরি করেন। ইন্টারমিডিয়েট শেষে সাড়ে তিন বছর আগে ওই হোটেলে চাকরি শুরু করেন নাঈমুর। পাশাপাশি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছিলেন। এ বিষয়ে ডিগ্রি নিয়ে বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তার।
এমপির এপিএস যা জানালেন : আক্রমণকারীদের রাজনৈতিক পরিচয় ও চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-৬) প্রকৌশলী ইশরাক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। পরে তার এপিএস মো. আরিফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমপি একটি অনুষ্ঠানে ব্যস্ত আছেন। ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘এখানে এমপির কোনো লোকজন নেই। তবে ওই এলাকায় কতিপয় উচ্ছৃঙ্খল পোলাপান দোকান বসিয়ে এসব (চাঁদা) করত বলে শুনেছি। পরে এমপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ঢাকা জেলা প্রশাসককে অবহিত করেছেন এবং রাস্তায় দোকান বসালে ব্যবস্থা নিতেও বলেছেন। হোটেল ম্যানেজার খুনের ঘটনায় ঘাতকদের দ্রুত গ্রেপ্তার করতে ওয়ারী থানার ওসিকে বলেছেন।’ ঘাতক এনায়েত ও তার ছেলের কোনো রাজনৈতিক পদ-পদবি নেই বলেও জানিয়েছেন তিনি।