চাঁদা না পেয়ে খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চয়নিকা ফার্মেসির মালিকের ছেলেকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিটি তার পায়ে লাগে। নগরীর সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল ভোর সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানা এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে একটি তুষকাঠ মিল ও একটি চানাচুর কারখানায় গুলি চালায় দুর্বৃত্তরা। লবণচরার রূপসা ব্রিজের হঠাৎবাজার এলাকায় এ দুটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে ভোরবেলা সবাই ঘুমিয়ে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, দুর্বৃত্তরা চয়নিকা ফার্মেসির মালিকের ছেলে জারিফকে গুলি করলে গুলিটি তার পায়ে লাগে। গুরুতর আহতাবস্থায় তাকে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিতে গত ২৮ অক্টোবর রাত ৯টায় দুই যুগের ঐতিহ্যবাহী এ ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়। টানা ১৬ দিন বন্ধ থাকার পর গত ১৪ নভেম্বর পুলিশ প্রহরায় ফার্মেসিটি খুলে দেওয়ার ১৪ দিন পর এ ঘটনা ঘটল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিন অস্ত্রধারী ফার্মেসিতে গিয়ে ক্রেতাদের সরিয়ে দেয়। এরপর দোকান মালিকের ছেলে জারিফকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জারিফের পিতা দৌলতুজ্জামান, ফার্মেসিসংলগ্ন ওই বাড়িতে বসবাস করেন।
জানা গেছে, বেশ কিছু দিন ধরে চয়নিকা ফার্মেসির মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী। চাঁদা না পেয়ে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতার কারণে গত ২৮ অক্টোবর ফার্মেসিটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিক। পরে পুলিশের সহায়তায় প্রতিষ্ঠানটি আবার চালু হলেও প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত হয়নি।
খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে এ ঘটনার প্রায় ১২ ঘণ্টা আগে নগরীর লবণচরা এলাকায় দুটি প্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান রূপসা ব্রিজের হঠাৎবাজার এলাকার একটি তুষকাঠ মিলমালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।
এ ছাড়া হঠাৎবাজারের পাশে অবস্থিত শামসুর রহমানের চানাচুর কারখানায়ও দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল একই চক্র। চাঁদা না পেয়ে গতকাল ভোরে ওই বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরপর দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররেফ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত চার দিনে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আওতাধীন এলাকায় অন্তত ১২টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত হয়েছেন।
খুলনা : খুলনা নগরীর খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জিয়াউর রহমান ফকিরের বাড়ির গেটে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি।
খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, এটি রাজনৈতিক ঘটনা নয়, চাঁদাবাজিসংক্রান্ত ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার দিকে এক ব্যক্তি মোটরসাইকেলে বসা অবস্থায় ককটেলটি একটি ফাঁকা স্থানে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। সেই সময় শিববাড়ি মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন।
এ ঘটনায় বিএনপি নেতৃবৃন্দ নিষিদ্ধ গঠিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছেন। সোনাডাঙ্গা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রাহুল চিশতি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। আতশবাজিজাতীয় কিছু ফোটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।