রফিকুন নবী আমাদের শিল্পগুরুদের একজন। ১৯৪৩ সালের ২৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে তার জন্ম। ৮৪তম জন্মদিন উপলক্ষে দুই দিন আগে অগ্রহায়ণের সন্ধ্যায় তার শেওড়াপাড়ার বাড়ির গেটে গিয়ে হাজির হই। রফিকুন নবী নিজেই গেট খুলে দিলেন। বললাম ‘আগাম শুভ জন্মদিন স্যার।’ রফিকুন নবী বললেন, বয়সটা গুনি না আর। এটা গুনতে নেই। একটা সময় আসলে আর গোনা উচিত না।’
ড্রয়িংরুমে বসে জানতে চাইলাম, এখন কেমন করে দিন কাটে? তার সহজ উত্তর ‘ছবি আঁকি, যেটা প্রধান কাজ। ছবি আঁকি, বই পড়ি, গান শুনি এসবের মধ্যেই দিন কাটে।’ কার্টুন কি আঁকেন?’ ‘এখন আর আঁকি না। তবে কোনো পত্রিকা থেকে হঠাৎ অনুরোধ এলে আঁকি। বছরে একটা-দুইটা। এখন সেটাও বন্ধ। হাত কাঁপে। কিন্তু ছবি আঁকি। এটাই চলছে।’
বললাম, ‘স্যার আপনি তো লিখেনও।’ স্যার বললেন, ‘লিখি মাঝেমধ্যে। তবে ওটা তো পেশা না। হঠাৎ একটু সময় পেলে লিখি। আমার ছোটদের জন্য একটা উপন্যাস আছে মুক্তিযুদ্ধভিত্তিক ‘সবখানেই যুদ্ধ’। ওইটা সাহিত্য প্রকাশ বের করেছিল। বইটা অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারও পেয়েছিল। তারপরে আরও দুই-একটা লিখেছি। সময় পেলে লিখি। তবে মূল কাজ হলো ছবি আঁকা। ছবি আঁকার মধ্যেই থাকি। ওইটাই আসল। ছবি আঁকার যত রকম মাধ্যম আছে, সবগুলো মাধ্যমে কাজ করার চেষ্টা করি। এভাবে চলছে....।
স্যারের কথা শেষ হতেই বললাম, ‘আপনার ছোটবেলার দিকে একটু যাই। এই বয়সে এসে কি শৈশবের কথা বেশি মনে পড়ে?’ স্যার বললেন, ‘এটা সব সময়ই হয়। আমরা যেহেতু সৃজনশীল কাজের সঙ্গে জড়িত, অতএব প্রায়ই সারা জীবনটা একবার হেঁটে আসার ঘটনা ঘটে। সারা জীবনের অনেক কিছু মনে পড়ে ছবি আঁকতে গেলে মনে পড়ে, লিখতে গেলে মনে পড়ে। আগের কথা, শিশুকালের কথা, বাল্যকালের কথা, যৌবনের কথা।’
বললাম, ‘মানুষ নাকি তার শৈশব আর ছোটবেলাটা সঙ্গে নিয়েই বড় হয় এবং বিশেষ করে সৃষ্টিশীল মানুষরা। আপনার কাজের মধ্যে কি সেসবের কোনো প্রভাব ফেলে? স্যার বললেন, ‘হ্যাঁ ফেলে। মাঝেমাঝে দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, গ্রামের বাড়িতে চলে যাই। ওইখানে গেলে একদম শৈশবের স্মৃতির মধ্যে পড়ে যাই। এখন তো আমার বয়সের কেউ আমাদের গ্রামে নেই। সবাই হয় মরে গেছে, না হয় বিদেশ চলে গেছে। তারপরেও গ্রামে যেতে ভালো লাগে। গ্রামে গিয়ে তরুণদের সঙ্গে কথা বলি, আগে গ্রাম কেমন ছিল তাদের সঙ্গে এসব ব্যাপারে কথাবার্তা চলে। ওরা তো আগের অবস্থা জানে না, দেখেনি।’
আলাপের মাঝখানেই চা এলো, সঙ্গে কেকও। চায়ে চুমুক দিয়ে জানতে চাইলাম, ‘আপনাদের বাড়িটা কি সেই রকমই আছে মানে দারোগাবাড়িটা?’ প্রশ্ন করতেই স্যার যেন স্মৃতির নদীতে ডুব দিলেন। তার চোখ চকচক করে উঠল। বললেন, ‘না, আমাদের মূল বাড়িটা এখন আর আমাদের হাতে নেই। নানার গ্রামে আমার আম্মার একটা জমি ছিল। সেখানে একটা ছোট বাড়ি করেছি মাঝে মাঝে যাওয়ার জন্য। একদম গ্রাম ছেড়ে দেব এটা তো হয় না। সেজন্য ভাইবোনরা মিলে বাড়ি বানিয়েছি। আমরা ১১ ভাইবোন। তো ওইখানে যাওয়া হয় কখনো একত্রে, কখনো দুই-একজন মিলে; গিয়ে হইচই করি।
‘আপনি তো জন্মেছিলেন চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু আপনার শৈশব তো নানা জায়গায় কেটেছে?’ এমনটাই পড়েছি পত্রপত্রিকায়। স্যার বলতে শুরু করলেন, ’৫২ সালের মাঝামাঝি পর্যন্ত নানান জায়গায় কেটেছে রাজশাহীতে, রাজশাহীর আশপাশে, নাটোরের আশপাশে সিংড়া থানায় এ রকমভাবে ঘোরাঘুরি হতো বাবার চাকরির কারণে। বাবাতো পুলিশে চাকরি করতেন। সেটা ওই ব্রিটিশ আমলের কথা। মনে আছে, ওই আমলে বেশি বদলি হতো। ছয় মাস ছয় মাস করে। ’৫২ সালে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে পগোজ স্কুলে ভর্তি হই, ওইখান থেকেই ম্যাট্রিক পাস করেছি। এর আগে ফতুল্লায়, শিবালয়ে, কালীগঞ্জে পড়েছি। ইনফ্যাক্ট ওইভাবে ঘোরাঘুরি ও থাকাথাকির কারণে নানান ল্যান্ডস্কেপ দেখেছি, নানান ধরনের মানুষ দেখেছি এগুলো একটা সময় আমার খুব কাজে লেগেছে। সেইসব স্মৃতি থেকে ছবি এঁকেছি। ছবির ভেতরে সেইসব স্মৃতি থেকে সাবজেক্ট-অবজেক্ট নিয়েছি এগুলা হয়েছে।
‘আপনি কি ছোটবেলাতেই ভেবেছিলেন শিল্পী হবেন?’ স্যার বললেন, “আমি কখনোই ভাবিনি। আমার বাবা ছবি আঁকতেন, সেসব দেখতাম আর স্কুলের ড্রয়িং ক্লাসে ড্রয়িং করতাম। এমনিই আঁকাআঁকি করতাম, ওই যে সব বাচ্চাই যা করে। কিন্তু আর্টিস্ট হব এটা ভাবিনি। আর্টিস্ট কেমন করে হয় সেটাও জানতাম না। স্কুলের ড্রয়িং স্যাররা বলতেন, ‘তোর তো ছবি আঁকার হাত ভালো, আর্ট কলেজে ভর্তি হবি।’ কিন্তু এগুলা নিয়ে আমার কোনো মাথাব্যথা ছিল না। নাইন-টেনে পড়ার সময় বাবাও বলতেন আর্ট কলেজে ভর্তি হওয়ার কথা, কিন্তু আমার ইচ্ছা হয়নি। ম্যাট্রিক পাস করার পর বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়ে ঢাকা কলেজ, নটর ডেম কলেজ ও জগন্নাথ কলেজের ফরম নিয়ে এলাম। কিন্তু বাবা বললেন আর্ট কলেজের একটা ফরম নিয়ে আয়। ওইখানে যদি ভর্তি হওয়ার সুযোগ পাস, তাহলে ওইখানেই তোকে ভর্তি করব। তখন তো বাবার উপরে কথা বলার কোনো সুযোগ ছিল না। বাধ্য হয়েই আর্ট কলেজের ফরম নিলাম, ভর্তি পরীক্ষা দিলাম। সেটাতে ভালো করলাম, তারপরে ভর্তি হলাম। ভর্তি হয়ে প্রথম প্রথম কী যে অবস্থা এই যে ১০ বছর ধরে স্কুলে লেখাপড়া করেছি, তার সঙ্গে এর কোনো মিল নেই, একদম অন্যরকম। নিজেকে নতুন করে সাজাতে হলো। তারপর তো শিল্পকলার জগতের মধ্যে ঢুকে গেলাম। শিল্পী হতে পেরেছি কি না এটা বলা যাবে না। শিল্পী অনেক বড় ব্যাপার।”
নিজে থেকেই বলতে শুরু করলেন, ‘শিল্পীর ভেতরে অটোমেটিক ঘটনা ঘটতে থাকে। একটা ভাবনা-চিন্তা থাকে, তার সঙ্গে নানান কিছু যুক্ত হতে থাকে, কাটছাঁট হতে থাকে। এইটা থেকে শিল্পকলা লোকে বলে যে একটা শিল্পকলা তৈরি হলো, ছবির ব্যাপার তৈরি হলো তার মধ্যে কতটুকু রস সৃষ্টি হলো, কতটুক মজা হলো, কতটুক আমার ইচ্ছা পূরণ হলো এসব নিজে ভাবা যায় না, অন্যরা ভাবিয়ে দেয়। সেভাবেই চলে। কিন্তু এখনো মনে করি যে শিল্পী হওয়ার জন্য যেসব গুণাবলি থাকে, সেটি বোধহয় এখনো অর্জিত হয়নি। হবেও না হয়তো।’
তার বিনয়ে আমার শ্রদ্ধার মাত্রা মুহূর্তে বড় হয়ে আরও দ্বিগুণ হলো। বললাম, ‘এভাবে বলা বড় মানুষদের বিনয়।’ স্যার বললেন, ‘বিনয় না। শিল্পীর একটা অতৃপ্তি থেকে যায়। পিকাসো মারা যাওয়ার সময় অতৃপ্তির কথা বলে গেছেন ‘কিছুই করতে পারলাম না, হলো না কিছু’। আমাদের আবেদিন স্যারও...। শিল্পকলার ব্যাপারটা, সৃজনশীল ব্যাপারটা বিস্তৃত একটা জায়গা; অসীম, এন্ডলেস একটা ব্যাপার। আমি আঁকাআঁকির মানুষ, আঁকাআঁকিতে থাকছি এবং থাকছি বলেই আঁকছি। এটা হলো আমার কর্তব্য। তার মধ্যে সৃজনশীলতা কী থাকল, কতটুক রসসিক্ত ব্যাপার ঘটল এগুলো অন্যের বিচারে ছেড়ে দিই, নিজের বিচারে থাকে না।’
আলাপ শেষ করে স্যারের কাছ থেকে বিদায় নিলাম। স্যার আমার পেছন পেছন এলেন সিঁড়ি পর্যন্ত। সিঁড়িতে দাঁড়িয়েও কথা চলতে থাকে। কথা যেন থামতে চায় না। স্যারকে বললাম ‘এবার বিদায় দেন। অফিসে যাওয়ার তাড়া আছে।’