সিলেটে হাম উপসর্গে ২ শিশুসহ তিনজনের মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম

সিলেটে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

রবিবার (৯ আগস্ট) সকালে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এ বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে। 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শহীদ শামসুদ্দিন আহমদ ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশু হলো- মো. এহসানুল (৩) ও  আয়ান (৮ মাস)। এছাড়া নিহত নারী বর্ণা রাণী (১৮)।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ১৮ জন এবং এই সময়ে ৯১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত এ বিভাগে মোট ৮২৭ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত