বরিশালের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নদীকেন্দ্রিক জীবনযাত্রা এবং মানুষের উষ্ণ আতিথেয়তায় নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রথমবার বরিশালে এসে ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট ও নৌকা ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এখানে এসে ভাসমান বাজার ঘুরে দেখেছি। এখানের মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ।
গতকাল রবিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন। নগরের কীর্তনখোলা নদীতে ভাসমান একটি লঞ্চে এ ব্যতিক্রমী মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসায় স্থানীয়রা আনন্দিত। ভবিষ্যতে তিনি আবারও বরিশালে আসবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এর আগে সদরের রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অবস্থিত বরিশালের প্রাচীন ‘মিয়াবাড়ি মসজিদ’ পরিদর্শনে যান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মসজিদে যাওয়ার আগে তিনি সংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার পরিবেশ নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন।
এদিকে গতকাল সকালে ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। গতকাল সকালে তিনি নৌকায় ঘুরে ভাসমান হাটের বেচাকেনা, স্থানীয় কৃষকদের কর্মব্যস্ততা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন।
সকালে মার্কিন রাষ্ট্রদূত ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় করে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত।
নৌকায় বসে তিনি পেয়ারার বেচাকেনা ও পরিবহন কার্যক্রম প্রত্যক্ষ করেন। পাশাপাশি হাটের আশপাশের সবুজ-শ্যামল পরিবেশ, খাল-বিল ও পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদ নেন।
পেয়ারার হাট ঘুরে অভিভূত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভাসমান পেয়ারার হাটে ভ্রমণ উপভোগ করেছি। এখানের সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের গ্রামীণ জীবন, স্থানীয় মানুষের কর্মব্যস্ততা এবং প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট পরিদর্শনে এসেছিলেন।
