সৌদিতে কারখানায় অগিুকান্ডে নওগাঁর ৭ জনের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০২:৩২ এএম

সৌদি আরবে একটি সোফা কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে সাত বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা এবং ওই কারখানায় কাজ করতেন। গতকাল রবিবার ওই কারখানায় আগুন লাগে। রাত সাড়ে ১০টার দিকে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ ছাড়া রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোকবার্তায়ও সাতজন নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। এলাকার সাত প্রবাসীর মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) ও একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭), কালিকাপুর ইউনিয়নের গ-গোহালি গ্রামের মৃত গুফফার প্রামাণিকের ছেলে মহুন প্রামাণিক (৪২) ও সুমুন প্রামাণিক, একই গ্রামের রুবেল হোসেন (৩০) ও ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের শোক : সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকা-ে আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, সৌদি আরবে কর্মরত এই প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে তিনি গভীর শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত