১২-১৩ আগস্ট আকাশে দেখা মিলতে পারে উল্কাবৃষ্টির

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম

২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত উল্কাবৃষ্টি আগামী ১২ আগস্ট রাতে কিংবা ১৩ আগস্ট ভোরের আকাশে দেখা যেতে পারে বলে জানিয়েছে নাসা।

এপির প্রতিবেদনে বলা হয়, বছরের অন্যতম উজ্জ্বল ও বহুল প্রতীক্ষিত উল্কাবৃষ্টি পার্সেইডস ১২ আগস্ট রাত কিংবা ১৩ আগস্ট ভোরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং এটি দেখার জন্য বেশ আদর্শ থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তর গোলার্ধের বাসিন্দাদের জন্য এবারের উল্কাবৃষ্টি দেখার সুযোগটি বেশ চমৎকার।

এই বছর পার্সেইডস উল্কাবৃষ্টি তার সর্বোচ্চ পর্যায়ে পর্যবেক্ষণ করার জন্য বেশ অনুকূল সময় কারণ চাঁদ অমাবস্যা দশায় থাকবে, যার ফলে চাঁদের আলো রাতের আকাশে তেমন কোনো ব্যাঘাত ঘটাবে না।

নাসার মতে, প্রতি ঘণ্টায় ৫০ থেকে ১০০টি উল্কা দেখা যেতে পারে। আমেরিকান মেটিওর সোসাইটির অনুমান অনুযায়ী, গ্রামীণ এলাকায় প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০টি উল্কা দেখা যেতে পারে। উল্কা দেখার সেরা সময় হলো মধ্যরাতের পর থেকে ভোরের ঠিক আগে পর্যন্ত, যখন পার্সিয়াস নক্ষত্রমণ্ডল উত্তর আকাশে বেশ উপরে থাকে।

পৃথিবী যখন ধূমকেতু বা গ্রহাণুর ফেলে যাওয়া ধ্বংসাবশেষের ভেতর দিয়ে যায়, তখন সেগুলো দ্রুতবেগে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে জ্বলে ওঠে; এগুলোকেই আমরা ‘তারা খসা’ বলি। পারসিড উল্কাগুলো মূলত ‘১০৯পি/সুইফট-টাটল’ ধূমকেতুর অংশ। এটি প্রতি ১৩৩ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। ২১২৫ সালের আগে এটি আর ফিরবে না। ২ হাজার বছরেরও বেশি সময় ধরে এই উল্কাবৃষ্টি দেখা যাচ্ছে।

উল্কাবৃষ্টি দেখতে বিশেষজ্ঞরা শহরের আলো থেকে দূরে কোনো স্থান খুঁজে নিতে এবং আকাশ পরিষ্কার থাকার সময় বেছে নিতে পরামর্শ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত