জামালপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

চাকা ফুটো হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের জোরালো ধাক্কা; ঘুমের ঘোরেই ঝরে গেল এক তরুণ সহকারী জজের প্রাণ!

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম

জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারটির চালক ইদ্রিস আলী (৪৬) মারাত্মকভাবে আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার গাড়িটি সড়কের ওপর রেখেই ঘুমিয়ে পড়েন। ওই সময় ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারযোগে জামালপুর ফিরছিলেন সহকারী জজ ছামিউল হক। প্রাইভেটকারটি লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি এবং গুরুতর আহত হন তার গাড়ির চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত প্রাইভেটকার চালক ইদ্রিস আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, বেলা ১১টায় জামালপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গণে নিহত সহকারী জজের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের অধীন ইসলামপুর উপজেলায় সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত