রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরে ও স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি পদে কী ধরনের প্রার্থীকে বিএনপি মনোনয়ন দিতে পারে-জানতে চাইলে তিনি বলেন, বিএনপি সব সময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকে মনোনয়ন দেওয়া হবে, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন।

এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত বলেও জানান নূরুল ইসলাম মনি।

তিনি আরও বলেন, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সরকারি দল বা বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত