মা ও ছেলে দুজনই পেলেন জিপিএ-৫

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:১৮ এএম

বিয়ের পর প্রায় ১৭ বছর বই-খাতা থেকে দূরে ছিলেন সাদিয়া বেগম। সংসার, সন্তান আর পারিবারিক দায়িত্বের চাপে থেমে গিয়েছিল পড়াশোনা। কিন্তু ইচ্ছেটা হারায়নি। বছর দুয়েক আগে ছেলের সঙ্গে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন তিনি। সংসার সামলে ছেলের পাশাপাশি নিজেও এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। ফল প্রকাশের পর দেখা গেল, সেই লড়াইয়ে সাফল্য এসেছে দুজনেরই। মা সাদিয়া পেয়েছেন জিপিএ-৫, আর ছেলে তানভীর আহমেদ পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। গত সোমবার ফল প্রকাশের পর রাজশাহী নগরের রাজপাড়া থানার বসিলা এলাকার পরিবারটিতে আনন্দের পরিবেশ তৈরি হয়। স্বজন ও পরিচিতজনরা অভিনন্দন জানাচ্ছেন মা-ছেলেকে।

সাদিয়া বেগম চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পায়।

মা সাদিয়া বেগম বলেন, ‘পড়াশোনার প্রতি আমার সব সময়ই আগ্রহ ছিল। কিন্তু বিয়ের পর নানা কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারিনি। বছর দুয়েক আগে সিদ্ধান্ত নিই, ছেলের সঙ্গে আমিও পরীক্ষা দেব। এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন স্বামীর।’ তিনি আরও বলেন, আগামীতেও লেখাপড়া চালিয়ে যেতে চান তিনি।

ছেলে তানভীর আহমেদ বলে, ‘মায়ের সঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি এবং দুজনই জিপিএ-৫ পেয়েছি, এটা খুবই আনন্দের বিষয়। বড় হয়ে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত