মার্কিন আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে টাকার বিনিময়ে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের আগে ধনীদের কাছে বিক্রি করার অভিযোগে ম্যানহাটনের মার্কিন জেলা আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) এই মামলাটি করা হয়। সংবাদ সংস্থা দ্য ইন্টারসেপ্ট এবং অলাভজনক সংগঠন ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন যৌথভাবে এই আইনি পদক্ষেপ নিয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, এই স্কিমটি গভীরভাবে দুর্নীতিগ্রস্ত। ‘বাজারে প্রভাব ফেলতে পারে’ এমন সরকারি তথ্য যারা অর্থ দিতে ইচ্ছুক ও সক্ষম, তাদের কাছে সেই তথ্য সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন প্রেসিডেন্ট।

মামলায় মার্কিন সংবিধানে সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকারকে উল্লেখ করা হয়েছে। এতে যুক্তি দেওয়া হয়েছে, এই স্কিম প্রথম সংশোধনীর অন্তর্নিহিত ‘প্রেসিডেন্টের জনসাধারণের জন্য ঘোষণাগুলোতে সমান প্রবেশাধিকারের’ নিশ্চয়তা লঙ্ঘন করবে।

মামলায় আরও দাবি করা হয়েছে, এই সাবস্ক্রিপশন সেবা পঞ্চম সংশোধনীর সুরক্ষারও পরিপন্থী হবে। তাদের যুক্তি, এই সংশোধনী সরকারকে সরকারি তথ্য পাওয়ার জন্য ইচ্ছামতো অর্থ আদায় করা থেকে বিরত রাখে।

মামলায় ট্রাম্পকে তার সরকারি পদমর্যাদায় বিবাদী করা হয়েছে। পাশাপাশি হোয়াইট হাউসের সহযোগী নাটালি হার্প এবং ডেপুটি চিফ অব স্টাফ ড্যানিয়েল স্ক্যাভিনোর নামও এতে রয়েছে।

মামলার কেন্দ্রে রয়েছে আলোচিত ট্রুথ এপিআই, যা জুলাই মাসে ঘোষণা করা হয় এবং ১ আগস্ট চালু হয়।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের এই সাবস্ক্রিপশন সেবায় মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত অর্থ নেয়া হয়। এর বিনিময়ে গ্রাহকরা ট্রাম্প এবং ট্রুথ সোশ্যাল নামের ওই প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্টে রিয়েল-টাইম বা তাৎক্ষণিক প্রবেশাধিকার পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত