বাবাকে হত্যা করে ওমান পালানোর সময় বিমানবন্দরে আটক

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:৪৯ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে নিজের পছন্দমতো বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন প্রবাসফেরত ছেলে বোরহান উদ্দিন। বিষয়টি নিয়ে কথাকাটাকাটি জেরে বাবা শাহজাহানকে হত্যা করে বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন অভিযুক্ত সেই ছেলে বোরহান উদ্দিন। গত বুধবার বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোরহান বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কোকদন্ডী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে বোরহানের বিয়ে নিয়ে শাহজাহানের সঙ্গে স্ত্রী আসমা বেগম ও মেয়ে রুবি আক্তারের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বোরহান গাছের গুঁড়ি দিয়ে বাবাকে আঘাত করেন। শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহত শাহজাহানের বোন লাকী আক্তার বাদী হয়ে বোরহান উদ্দিন ও তার বোন রুবি আক্তারকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকে বোরহান উদ্দিন পলাতক ছিলেন। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘বাবাকে হত্যার আসামি বোরহান উদ্দিন ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাকে ঢাকা বিমানবন্দর  থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার অপর আসামি রুবি আক্তারকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ কালিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল  চেয়ারম্যান আবুল কালাম জানান, বোরহান পরিবারের সদস্যকে না জানিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এ বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় একপর্যায়ে কথাকাটাকাটি হয়। এতে ছেলের গাছের গুঁড়ির আঘাতে বাবার মৃত্যু হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত