ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট

লালদিয়ায় হচ্ছে আধুনিক পরিবেশবান্ধব গ্রিন টার্মিনাল নির্মাণ

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:৫৭ এএম

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালকে আধুনিক ও পরিবেশবান্ধব ’গ্রিন টার্মিনাল’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টার্মিনালের ক্রেনসমূহ দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে। উন্নত এ প্রযুুক্তি ব্যবহারের ফলে টার্মিনাল অপারেশনে নিরাপত্তা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

গতকাল বৃহস্পতিবার নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের প্রতিনিধি দলের সাথে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। আগামী ৩০ আগস্ট টার্মিনালটি আধুনিকীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে তিনি জানান। তথ্য অধিদপ্তরের (পিআইডি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী শেখ রবিউল আলম আরও বলেন, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন এ টার্মিনাল নির্মাণের ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং দেশের জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যা বন্দর খাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

বৈঠকে এপিএম টার্মিনালসের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে বন্দর ও টার্মিনাল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগকে স্বাগত জানান। তারা লালদিয়া কনটেইনার টার্মিনালসহ বাংলাদেশের বন্দর খাতে আধুনিক প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত