কচুরিপানা-বর্জ্যে বিপন্ন নন্দকুঁজা

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:৫৩ এএম

নাটোরের গুরুদাসপুরে কচুরিপানা ও বর্জ্যে বিপণœ হয়ে পড়েছে নন্দকুঁজা নদী। উপজেলার নাজিরপুর থেকে বড়াইগ্রামের আহম্মেদপুর সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার নদীর বিভিন্ন অংশ কচুরিপানায় ঢেকে গেছে। পাশাপাশি নদীর তীরে জমেছে বিপুল পরিমাণ বর্জ্য। এতে ব্যাহত হচ্ছে নৌচলাচল ও মাছ ধরা। হুমকিতে পড়েছে নদীর জলজ পরিবেশ।

স্থানীয়দের ভাষ্য, গত কয়েক মাস ধরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নদীর বিভিন্ন অংশে কচুরিপানা জমে ঘন স্তর তৈরি করায় নৌকা চালানো কঠিন হয়ে পড়েছে। অথচ একসময় এই নদী ছিল আশপাশের মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন। নৌপথে পণ্য পরিবহন হতো, জেলেরা মাছ ধরতেন, নদীর পানি ব্যবহার হতো কৃষিকাজেও। কিন্তু এখন অনেক জায়গায় নৌযান চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম। কচুরিপানার স্তূপ ভেদ করে ছোট নৌকাও এগোতে পারছে না সহজে।

নদীপারের বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের অভাবেই পরিস্থিতি এতটা জটিল হয়েছে। উজান থেকে ভেসে আসা কচুরিপানা বিভিন্ন স্থানে আটকে থেকে ধীরে ধীরে বিস্তার লাভ করছে। এর সঙ্গে কিছু এলাকায় হাটবাজারের বর্জ্যও নদীতে ফেলা হচ্ছে। ফলে নদীর স্বাভাবিক পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় জেলেদের ভাষ্য, কচুরিপানার বিস্তারের কারণে মাছ ধরার জায়গা কমে গেছে। জাল ফেলতে গিয়ে বারবার কচুরিপানায় আটকে যাচ্ছে। এতে সময় ও শ্রম দুটোই বাড়লেও আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না।

গুরুদাসপুর পরিবেশ আন্দোলন কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, ‘নদী একটি পূর্ণাঙ্গ জীবন্ত পরিবেশ ব্যবস্থা। কচুরিপানার অনিয়ন্ত্রিত বিস্তার নৌচলাচলের পাশাপাশি জলজ প্রাণী ও নদীর সামগ্রিক পরিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে নদী পুনরুদ্ধার আরও কঠিন হয়ে পড়তে পারে।’

স্থানীয়দের দাবি, শুধু একবার কচুরিপানা পরিষ্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজন নিয়মিত পরিষ্কার, প্রয়োজনীয় স্থানে খনন এবং বর্জ্য ফেলা বন্ধে কঠোর নজরদারি।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা বলেন, ‘দীর্ঘদিন কচুরিপানা জমে থেকে পচে গেলে পানির গুণগত মান নষ্ট হতে পারে। এতে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বিচরণ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।’ পরিস্থিতি বিবেচনায় কচুরিপানা অপসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত