রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার অনুপমপুর কলোনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার অনুপমপুর গ্রামের মৃত রেকাত আলীর ছেলে শমসের আলী (৬০) এবং তাঁর ছেলে শরিফুল ইসলামের স্ত্রী তানিয়া বেগম (২৫)।
স্থানীয় বাসিন্দা ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জ দেওয়া হচ্ছিল। সেখান থেকে একটি বৈদ্যুতিক তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়েছিল। ওই তারের পাশেই কাপড় শুকানোর জন্য একটি তার টাঙানো ছিল।
শুক্রবার দুপুরে তানিয়া বেগম ভেজা কাপড় শুকানোর জন্য তারে কাপড় দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান তার শ্বশুর শমসের আলী। একপর্যায়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রথমে তানিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে বাঁচাতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
--