বিদ্যুৎ সংকটের প্রতিবাদে রাজধানীর উত্তর বাড্ডায় মোমবাতি নিয়ে মিছিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার সন্ধ্যায় দলটির ঢাকা মহানগর উত্তরের বাড্ডা অঞ্চল এ মিছিলের আয়োজন করে।
মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি। এই মোমবাতি মিছিল শুধু প্রতিবাদ নয়, এটা একটা বার্তা। অন্ধকার যতই গভীর হোক, জনগণের কণ্ঠস্বর নিভে যাবে না।
গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করে সেলিম উদ্দিন বলেন, যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। বিদ্যুৎ ও জ¦ালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারা অতীতেও ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে যে বিদ্যুৎ সংকট চলছে, তা কোনো সাধারণ সমস্যা নয়। অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস বিলের ‘হিডেন চার্জ’ বন্ধের দাবি জানান তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সংকটের সমাধান করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শুরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ আরও অনেকেই।