পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি করে ডাকাত দল।
এ ছাড়া তার পুত্রবধূ রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগমের (৪০) হাত-পা বেঁধে বেধড়ক মারধর ও তার শিশুসন্তান তাসফির (২) মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নেওয়া হয়। শুক্রবার ভোর রাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
ওই প্রবাসীর স্ত্রী রুমা বেগম বলেন, তার স্বামী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। প্রতিদিনের মতো সেদিনও তারা রাতের খাবার শেষ করে পরিবারের সব সদস্য নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল সশস্ত্র ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। ডাকাত দলের পাঁচ থেকে ছয়জনের সদস্য কৌশলে ঘরের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। একই সময় বাড়ির বাইরেও ডাকাত দলের বেশ কয়েকজন সদস্য পাহারায় ছিল। ঘরে ঢুকেই ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর রুমা বেগমসহ পরিবারের সব সদস্যের হাত ও পা বেঁধে ফেলা হয়। কোনো প্রকার চিৎকার বা নড়াচড়া করতে না দিয়ে তাদের ওপর চালানো হয় বেধড়ক মারধর। একপর্যায়ে ডাকাতরা তার পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় তার ছেলে নাইম বাধা দিলে তার হাঁটুর ওপরে গুলি করে। এরপর তার শিশুসন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নিয়ে চলে যায়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।